২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল বললেন, ষড়যন্ত্র

বিএনপির নেতার দাবি, বোমাবাজি ও গাড়িতে আগুনের জন্য দায়ী সরকার। মতিঝিলে নিহত আরিফুজ্জামানকে দলীয় কর্মী দাবি করে তিনি বলেছেন, তাকে পুলিশ হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 03:37 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বোমাবাজি এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনার জন্য সরকারকে দায়ী করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সভা বানচাল করাই এর উদ্দেশ্য। মতিঝিলে নিহত আরিফুজ্জামানকে বিএনপি কর্মী বলে দাবি করে তিনি বলেছেন, তাকে পুলিশ হত্যা করেছে। রোববার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আগতদের সকালে পুলিশ লাঠিপেটা করে বের করার পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানো হয়। এতে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “সরকার তার নিজস্ব লোকজন দিয়ে আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠান বানচাল করতেই এসব ঘটনা ঘটিয়েছে।” তবে দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরু হবে জানিয়ে তিনি বলেন, “শত উস্কানি সত্ত্বেও আমাদের নেত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।” ফখরুল বলেন, “দুপুরের পর আমাদের সংবর্ধনা অনুষ্ঠান। এতে সারাদেশ থেকে মুক্তিযোদ্ধারা আসতে শুরু করেছেন। তাদের রাজধানীর বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানাতে উপস্থিত হয়। এ সময়ে পুলিশ অতর্কিতে আমাদের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়।” তিনি জানান, নয়াপল্টন, সদরঘাট, গাবতলী, সায়েদাবাদ, প্রেসক্লাবের সমানের সড়কসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা মুক্তিযোদ্ধাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলো। আর সেসব স্থানে হামলা চালিয়েছে পুলিশ। “ভোর থেকে বিভিন্ন স্থানে সরকারদলীয় নেতা-কর্মী এবং সংবর্ধনায় আসা মুক্তিযোদ্ধাদের ওপর পুলিশ চড়াও হয়েছে। দুপুর পর্যন্ত আমাদের তিনশ’ নেতা-কর্মী গ্রেপ্তার ও আড়াইশ আহত হয়েছে,” বলেন বিএনপির মুখপাত্র। মতিঝিলের নিহত আরিফুজ্জামান নিজের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করলেও তা প্রত্যাখ্যান করে ফখরুল বলেন, বিএনপিকর্মী আরিফ পুলিশের গুলিতে মারা গেছেন। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী গতকাল যেসব বক্তব্য দিয়েছেন, আজ পুলিশের কার্যক্রমে তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্য ছিলো উস্কানিমূলক।” সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ওসমান ফারুক, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.