২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গাড়িতে আগুন, ভাংচুর

বরিশাল নগরীতে চারটি গাড়িতে আগুন দিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

বরিশাল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে চারটি গাড়িতে আগুন দিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। রোববার ঢাকায় গোলযোগ সৃষ্টির কয়েক ঘণ্টা পর শহরের বিভিন্ন স্থানে দুটি অটোরিকশায় আগুন এবং দুটি গাড়ি ভাংচুর করা হয়। তবে হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার বলেন, নগরীর লঞ্চঘাট ও বগুড়া রোড এলাকায় দুইটি অটোরিকশায় আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। তবে এ দু’টি যানের তেমন বেশি ক্ষতি হয়নি। এছাড়া নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কের প্রবেশমুখে আরো একটি অটোরিকশা এবং শহীদ সোহেল চত্বরের পাশে একটি প্রাডো গাড়ির গ্লাস ভাংচুর হয়। পুলিশ কর্মকর্তা আরো জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এর আগে দুপুর ১২টায় বরিশাল জেলা এবং মহানগর শাখা বিএনপি ও অঙ্গসংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ের সামনে সমাবেশে মিলিত হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান গাড়িতে আগুন ও ভাংচুরের সত্যতা স্বীকার করেন। রোববার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি কর্মীদের লাঠিপেটার পর রাজধানীর কয়েকটি স্থানে বিস্ফোরণ ও চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিস্ফোরণে ঢাকায় একজন ও সিলেটে বাসে আগুন দেওয়ার ঘটনায় আরো একজন মারা যায়। এছাড়া বাস ভাংচুরের ঘটনা ঘটে সিরাজগঞ্জেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭১৬ ঘ.