২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইন মন্ত্রী

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে দেশীয় আইনে। আর বিচারের ক্ষেত্রে ‘আন্তর্জাতিক’ মান অনুসরণ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক পরিসরে ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন আইন মন্ত্রী শফিক আহমেদ। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিদেশে প্রচার করা হচ্ছে যে- এটা একটা আর্ন্তজাতিক ট্রাইব্যুনাল। কিন্তু আমি বলতে চাই এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়। দেশীয় আইনে, দেশীয় এই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে আন্তর্জাতিক আইন অনুসরণ করে।” ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। মন্ত্রী বলেন, “অনেকে বলছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের জন্য ছয় মহাদেশের ছয় জন আইনজীবী নিয়োগ দেওয়া হোক। কিন্তু আমাদের এখানে ১৯৭৩ সালেই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিলো। সে অনুযায়ী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।” তথ্য অধিকার আইন নিয়ে তথ্য কমিশনের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় মন্ত্রী পত্রপত্রিকায় ভুল তথ্য প্রকাশের বিষয়ে সতর্ক হওয়ারও আহ্বান জানান। দুর্নীতি দমন কমিশনের ‘ক্ষমতা লোপ করা হচ্ছে’ এমন একটি অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। লোকে বলে যে তাদের ক্ষমতা লোপ করা হচ্ছে। কিন্তু এখানে সরকারের কোনো হাত নেই। সেখানে চেয়ারম্যান নিয়োগের জন্য একটি সার্চ কমিটি রয়েছে।” প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, “ঢাকার লোকজন তথ্য অধিকার আইনের কিছুটা সুফল ভোগ করলেও ঢাকার বাইরে যতটুকু সহায়তা দেওয়া দরকার তা তারা পাচ্ছেন না।” এর জন্য সরকারি মন্ত্রণালয়গুলোতে নিয়োগপ্রাপ্ত তথ্য কর্মকর্তাদের ‘অসচেতনতাকে’ দায়ী করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মুহাম্মদ হুমায়ূন বলেন, “আমরা হয়তো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করেছি, কিন্তু তাদেরকে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য আমরা কিছুটা কার্যক্রম নিয়েছি কিন্তু সেটা যথেষ্ট নয়। এই সেবাকে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে হবে।” তথ্য অধিকারের বিষয়টিকে ‘জনগণের সাংবিধানিক অধিকার’ উল্লেখ করে আইন মন্ত্রী বলেন, “আইনটি সম্পর্কে এখনো সবাই জানেন কিনা সেটা নিয়ে একটু সংশয় আছে। তবে সচিবরা জানতে শুরু করেছেন। কিছু স্টেট সিক্রেট ছাড়া সরকারি যে কোনো তথ্য জানার সাংবিধানিক অধিকার জনগণের রয়েছে।” বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/জেকে/১৫৩১ ঘ.