২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপির ডাকে ঢিলেঢালা হরতাল

জেলা বিএনপির নেতাকর্মীরা সকালে শহরে মিছিল বের করলেও গোলোযোগের খবর পাওয়া যায়নি কোথাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

যশোর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় যশোরে বিএনপির ডাকে ঢিলেঢালাভাবে হরতাল হয়েছে। জেলা বিএনপির নেতাকর্মীরা শনিবার সকালে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করলেও বড় ধরনের গোলোযোগের কোনো খবর পাওয়া যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে দোকানপাট বন্ধ রাখা হয়। যান চলাচলও ছিল অন্য দিনের তুলনায় কম। কতোয়ালি থানার ওসি আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহরে পুলিশ মোতায়েন আছে। কোথাও কোনো গোলোযোগের খবর আমরা পাইনি।” গত বুধবার রাতে ঢাকার মিরপুরে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান শেষে ধানমন্ডিতে নিজের বাসায় ফেরার সময় নিখোঁজ হন ব্যবসায়ী নাজমুল ইসলাম। বৃহস্পতিবার সকালে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের পাশে তার লাশ পাওয়া যায়। এর প্রতিবাদে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম শনিবার সকাল-সন্ধ্যা এই হরতালের ঘোষণা দেন। শনিবার সকালে হরতাল শুরুর পর শহরের দড়াটানা মোড়, চৌরাস্তা, চিত্রার মোড় এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ দোকানপাট বন্ধ। তবে রাস্তায় রিকশাসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭৪৪ ঘ.