চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিই সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল বলে দাবি করেছেন আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার নগরীর বিপ্লব উদ্যানে বিএনপি আয়োজিত বিজয় দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সহসভাপতি নোমান এ দাবি করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। মুক্তিযুদ্ধের বিজয় কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়। এ বিজয় সমগ্র জাতির শ্রেষ্ঠ অর্জন।”
“শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সংখ্যাগরিষ্ঠ মুক্তিযোদ্ধারা এই দলের সঙ্গে জড়িত,” বলেন নোমান।
সাবেক মন্ত্রী নোমান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাক-স্বাধীনতা ও খেয়ে-পরে বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হাতে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুন্ঠিত হয়েছে।”
দেশে সা¤প্রতিক গুপ্তহত্যার সমালোচনা করেন তিনি। তার দাবি, বিরোধী দলকে দমনের জন্য সরকার এই পথ বেঁচে নিয়েছে।
দেশ ও দেশের মানুষকে ‘রক্ষা’ করতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন এবং চট্টগ্রাম অভিমুখী আসন্ন রোডমার্চ সফল করতে সবার প্রতি আহ্বান জানান নোমান।
বিএনপিতে নোমান অনুসারীদের আয়োজিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সহ- সভাপতি শামসুল আলম, এম এ সবুর, কাজী আকবর, আবুল হাশেম বক্কর প্রমুখ।
এদিকে বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী নেতা কর্মীরা বিজয় দিবসের আলাদা আলোচনা সভা করে।
আমীর খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২০৪১ ঘ.
bdnews24