নোয়াখালী, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সীর হাটে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ওই হাটে শুক্রবার দুই দলই বিজয় দিবসের অনুষ্ঠান করার ঘোষণা দেওয়ায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছিলো।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আলাদা দুটি মামলা হয়েছে। দুই মামলায় শুক্রবার বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেনবাগ থানার ওসি সাজেদুর রহমান জানিয়েছেন।
তারা হলেন- মাসুদুর রহমান রাজু, আবদুল আজিম মিন্টু ও ইব্রাহীম।
ছমিরমুন্সির হাটে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলেরই ইউনিয়ন কার্যালয় রয়েছে। দুই পক্ষ সভা ডাকার পর থেকেই উত্তেজনা চলছিলো।
ওসি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিএনপিকর্র্মীরা আওয়ামী লীগকর্মীদের নয়টি মটর সাইকেল ভাংচুর করে। এরপর উভয় পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। তা থামাতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হন।
আহতরা পুলিশ সদস্যরা হলেন- সেনবাগ থানার উপ-পরিদর্শক আবুল কাশেম হাওলাদার ও সুমন বড়–য়া এবং কনস্টেবল সালাউদ্দিন।
আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, দুই পক্ষের আহতের সংখ্যা নয় জন। এর মধ্যে আওয়ামী লীগকর্মী সাহাব উদ্দিন ও মামুনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সাজেদুর সাংবাদিকদের জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপ-পরিদর্শক আবুল কাশেম হাওলাদার বাদি হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বাদি হয়ে বিএনপির ১২ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয়ের আরো ৫৮ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩২ ঘ.
bdnews24