২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় অনির্বাচিত প্রশাসক অসাংবিধানিক: বিএনপি

দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগকে সরকারের ‘অসাংবিধানিক’ পদক্ষেপ উল্লেখ করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, এর মধ্য দিয়ে বিধি লঙ্ঘন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগকে সরকারের ‘অসাংবিধানিক’ পদক্ষেপ উল্লেখ করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, এর মধ্য দিয়ে বিধি লঙ্ঘন হয়েছে। শুক্রবার বিজয় দিবসের সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “এ নিয়োগ সম্পূর্ণ অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী পদক্ষেপ বলে আমরা মনে করি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মতো এ ধরনের প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধি দিয়ে পরিচালিত হওয়ার বিধান রয়েছে সংবিধানে। সেখানে অনির্বাচিত প্রশাসক নিয়োগ করে সরকার এই বিধান লঙ্ঘন করেছে।” বৃহস্পতিবার রাতে সরকার দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। তাদের সবাই আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসকদের নাম অনুমোদন করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত প্রতিনিধি না আসা পর্যন্ত সরকার মনোনীত এই প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। পার্বত্য তিনটি জেলায় চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন বলে সেখানে প্রশাসক নিয়োগের প্রয়োজন হয়নি। মির্জা ফখরুল অভিযোগ করেন, “এর আগে সরকার ঢাকা সিটি কর্পোরেশনেও একইভাবে প্রশাসক নিয়োগ করে সংবিধান লঙ্ঘন করেছে।” প্রধান বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে দুটি কর্পোরেশন করার বিল সংসদে পাশের পর চলতি মাসের শুরুতে দুই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ মার্চ সংসদে বলেছিলেন, স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে। এর নয় মাসের মাথায় বৃহস্পতিবার জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ করা হলো। ১৯৮৮ সালে এইচ এম এরশাদের সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার বিধান ছিলো। তবে পরে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে। তবে তা বাস্তবায়নের সুযোগ পায়নি ওই সরকার। পরে বিএনপি-জামায়াত জোট সরকার আইনটি অবিকল রেখে বা সংশোধন করে জেলা পরিষদ গঠনের কোনো উদ্যোগ নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩০৫ ঘ.