২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ সমর্থকদের হামলায় বিজয় দিবসের অনুষ্ঠান পণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয় সংসদ সদস্যের সমর্থক আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় উপজেলা প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠান পণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 10:47 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্থানীয় সংসদ সদস্যের সমর্থক আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় উপজেলা প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠান পণ্ড হয়েছে। হামলাকারীদের দাবি, স্থানীয় সাংসদকে ‘যথাযথ সম্মান’ না দেখানোয় আয়োজকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘কথা কাটাকাটি’ হয়েছে শুধু। ঘটনার প্রত্যক্ষদর্শী পাকুন্দিয়ার হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৯টায় স্থানীয় উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহারের উপস্থিতিতে বিজয় দিবসের কুচকাওয়াজ, শিশু-কিশোর সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শুরু হয়। আনুষ্ঠান শুরুর আধাঘণ্টা পর স্থানীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুল মান্নান এবং ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতা কর্মী অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল কর্মী সমাবেশে হামলা চালায় এবং মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। আয়োজকরা জানান, হামলার ঘটনায় অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার পুলিশি পাহারায় দ্রুত অনুষ্ঠানস্থল ছেড়ে যান। হামলায় বেশ কয়েকজন আহত হয় বলে সাংবাদিকদের জানান বাবলু। উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব উদ্দিন বলেন, “সাংসদের উপস্থিতিতে রফিকুল ইসলাম রেনুর নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করেছে। এই হামলা বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের প্রতি চরম অবমাননা।” তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেনু বলেন, “অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর মঞ্চে উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাননীয় সংসদ সদস্যকে সামন্যতম সম্মান না দেখানোয় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে আয়োজকদের সঙ্গে কর্মীদের কথা কাটাকাটি হয়েছে মাত্র।” উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, সাংসদকে যথাযথ নিয়ম মেনে আগেই আমন্ত্রণ করা হয়েছিলো। সকালেও তার সম্মতি নিয়েই অনুষ্ঠান শুরু করা হয়। “কিন্তু অনুষ্ঠান চলাকালে কয়েকজন সন্ত্রাসীর হামলায় অনুষ্ঠান ব্যাহত হয়। হামলার কারণ বুঝে উঠতে পারছি না”, বলেন তিনি। ঘটনার প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬৩০ ঘ.