২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিজয় উৎসবে যুদ্ধাপরাধের বিচারের দাবি

যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি নিয়ে নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বিজয়ের ৪০ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি নিয়ে নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বিজয়ের ৪০ বছর। বিজয়ের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। রাত থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা। তাদের কণ্ঠে ছিল একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবি। শুরুতেই শহীদ মিনারে ফুল দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. মনজুর আলম। ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় তার সঙ্গে ছিলেন। চট্টগ্রামের বিভিন্ন আসনের সাংসদ ও ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা এরপর শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পরে ফুল নিয়ে আসে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। তবে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদীতে উঠলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় শহীদ মিনারে আসা অনেকেই বিড়ম্বনার শিকার হন। ভোরে ফুল আর পাতাকা হাতে শহীদ মিনারে জড়ো হয় হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ছাড়াও নানা বয়সী মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নগরীর বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজের আয়োজন করা হয় চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে চলছে মুক্তিযুদ্ধের বিজয়মেলা। লালদীঘির পাড়ে আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয়মেলা এবং নগরীর ডিসি হিলে মুক্তিযুদ্ধের বইমেলারও আয়োজন করা হয়েছে। বিজয় দিবসের ভোর থেকেই এসব মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কিউএইচ/জেকে/১৫৪৫ ঘ.