পাবনা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণীদের উত্ত্যক্ত করায় বাধা পেয়ে পাবনার ফরিদপুরে আওয়ামী লীগের এক নেতার ছেলে চড়াও হয়েছে পুলিশের ওপর, ভণ্ডুল করে দিয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান।
শুক্রবার ফরিদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পুলিশের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুসের ছেলে রাতুল ইসলাম মইনের সঙ্গীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
তবে আওয়ামী লীগ নেতা কুদ্দুসের দাবি, পুলিশ মিথ্যা অভিযোগের ভিত্তিতে তার ছেলেকে হয়রানি করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর চড়াও হয়।
রাতুল স্থানীয় ইয়াসীন আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আহত উপপরিদর্শক মির্জা মাজহারুল ইসলাম ও তারেকুল ইসলাম তারেককে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর থানার ওসি আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুষ্ঠানে রাতুল মেয়েদের উত্ত্যক্ত করলে পুলিশ তাকে এ কাজ থেকে বিরত থাকতে বলে। এতে সে ও তার বন্ধুরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাদের অনুষ্ঠান থেকে বের করে দেয়।
তার কিছুক্ষণ পর ৩০ থেকে ৪০ জন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তা মাজহার ও তারেকের ওপর হামলা চালায় বলে পুলিশ জানায়।
ওসি বলেন, “খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে আমি সেখানে গেলে আমাদের ওপরও হামলা হয়।”
তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাটিপেটা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে স্থানীয়রা জানায়। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অনুষ্ঠান আর হয়নি।
এসআই মাজহার সাংবাদিকদের বলেন, “রাতুল মেয়েদের উত্ত্যক্ত করলে তাকে আমি নিষেধ করি। তখন কয়েক সঙ্গীসহ সে আমাদের ওপর চড়াও হলে আমরা তাদের বের করে দিই। পরপরই আরো লোকজন নিয়ে এসে সে আমাদের ওপর হামলা চালায়।”
এদিকে ছেলের বিরুদ্ধে পুলিশের অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ নেতা কুদ্দুস বলেন, “রাতুল অনুষ্ঠান দেখার সময় পাশে বসে থাকা মেয়েদের সঙ্গে তার একটু কথাকাটাকাটি হয়।
“মেয়েগুলো পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে। পুলিশ তাদের পক্ষ নিয়ে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে। এতে এলাকাবাসী ক্ষেপে পুলিশের ওপর হামলা চালায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯০০ ঘ.
bdnews24