ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, মুক্তিযোদ্ধা জিয়াকে ভয় পায় বলেই তাকে নিয়ে ‘মিথ্যাচার’ হয়েছে।
বিজয় দিবসে উপলক্ষে বৃহস্পতিবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতারা এ কথা বলেন। তারা উল্টো অভিযোগ করেন, আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, “মুক্তিযুদ্ধকালীন রণক্ষেত্রে জিয়ার যুদ্ধ করার কোনো প্রমাণ নেই। যুদ্ধক্ষেত্রের তিন কিলোমিটার দূরে দূরে নাকি তিনি থাকতেন।”
মুক্তিযুদ্ধের সময় কিছু ভুল সিদ্ধান্তের কারণে সেক্টর কমান্ডার ও ‘জেড’ ফোর্সের অধিনায়ক জিয়াকে মুজিবনগর সরকার কয়েকবার বহিষ্কার করে বলেও জানান বঙ্গবন্ধুকন্যা হাসিনা।
বিএনপির আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জিয়াউর রহমানকে ভয় পায় বলে আওয়ামী লীগ এখন মিথ্যাচার করছে। আওয়ামী লীগ যে সব স্থানে ব্যর্থ হয়েছে, সেখানেই জিয়া ও তার দল বিএনপি সফলতা অর্জন করেছে বলেই তাকে ভয়।”
মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১৯৭১ সালের ১১ এপ্রিল মুক্তিযুদ্ধের প্রথম ঘোষক এবং রণাঙ্গনের যোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের প্রশংসা করেন বলে দাবি করেন মোশাররফ।
রণাঙ্গনে জিয়ার যুদ্ধের বিষয়ে ভারতের তৎকালীন সেনা কর্মকর্তা জ্যাকবের উদ্ধৃতিও তুলে ধরেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব একাত্তরে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
একাত্তরে জিয়া নেতৃত্বাধীন ‘জেড’ ফোর্সের কোম্পানি কমান্ডার বর্তমানে বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, “জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে আমরা ১৪ ডিসেম্বর সিলেটকে পাকিস্তানের দখলমুক্ত করেছিলাম।
“খাদিম নগরের কাছে প্রথম আমাদের সঙ্গে পাকিস্তানি সৈন্যদের যুদ্ধ হয়। সিলেট স্বাধীন করার এই যুদ্ধে শতাধিক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিলো। অথচ এই ঐতিহাসিক বাস্তবতা আওয়ামী লীগ স্বীকার করতে চায় না।”
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যাচার করেছেন। আমরা তার এরকম মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাই।”
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সভায় বক্তব্যের শুরুতেই জিয়াউর রহমান ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “মিথ্যা বক্তব্য দিয়ে সত্য ইতিহাসকে মানুষের কাছ থেকে মুছে ফেলা যাবে না।”
যশোরের ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম হত্যাকাণ্ড তুলে ধরে বিএনপির মুখপাত্র বলেন, “সরকারের সমর্থনে প্রতিদিন গুম ও হত্যাকাণ্ড হচ্ছে। আজ সারা দেশটাকে তারা মৃত্যুপুরীতে পরিণত করেছে।”
সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, শিরিন সুলতানা, সোহরার উদ্দিন, মীর শরফত আলী সপু, মনির খান, আমিরুল ইসলাম খান আলিম।
উপস্থিত ছিলেন এম কে আনোয়ার, আবদুল মঈন থান, সেলিমা রহমান, ফজলুর রহমান পটল, মোহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দিন আলম, নীলুফার চৌধুরী মনি, নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৮ ঘ.
bdnews24