২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: ইসি

বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে কেন ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সম্ভব নয় তার কারণ উল্লেখ করে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে ৯০ দিনের মধ্যে কেন ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ নির্বাচন সম্ভব নয় তার কারণ উল্লেখ করে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) দুই ভাগে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনে কমিশনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠির জবাবে বুধবার দেওয়া চিঠিতে তিনটি কারণ উল্লেখ করেছে কমিশন। স্থানীয় সরকার সচিবকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে এ জবাব দেন ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন। তবে নতুন ইসির অধীনে নির্বাচন অনুষ্ঠানে এখন থেকেই প্রস্তুতি শুরুর জন্য কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ২৯ নভেম্বর সংসদে ডিসিসি বিভক্তির বিল পাসের পর গত ১ ডিসেম্বর এর গেজেট প্রকাশ হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ইতোমধ্যে দুইজনকে প্রশাসক হিসেবে নিয়োগও করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর কমিশনকে চিঠি দেয়। সরকারকে চিঠির জবাব দেওয়ার আগে গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, মেয়াদের শেষ সময়ে চলে আসায় বর্তমান নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। তিন যুক্তি আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি থেকে বর্তমান নির্বাচন কমিশন ‘পূর্ণাঙ্গ’ অবস্থায় না থাকার প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়, “একটি পূর্ণাঙ্গ কমিশন হিসাবে এই নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার কোনো সুযোগ নেই।” “অথচ যে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এর সম্পূর্ণ প্রক্রিয়া এককভাবে একই কমিশনের অধীনে নিষ্পন্ন হওয়া শুধু অভিপ্রেতই নয়, অত্যাবশ্যকীয়ও বটে।” বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনের মেয়াদের শেষ দিন আগামী ৪ ফেব্র“য়ারি। আরেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ ফেব্র“য়ারি। দুই নির্বাচন কমিশন মিলে নির্বাচন আয়োজন করলে তার ‘স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা’ প্রসঙ্গে চিঠিতে বলা হয়, “বিদায়ী কমিশন তফসিল ঘোষণা করবে আর নবগঠিত কমিশন নির্বাচন অনুষ্ঠান করবে- এমন দ্বৈততার ডামাডোলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার নিশ্চয়তা বিধান দুরূহ হবে।” “এ পরিস্থিতিতে এই নির্বাচন বিষয়ে বর্তমান কমিশনের কোনো উদ্যোগই যথার্থ হবে না।” ৯০ দিনে নির্বাচন না করার ক্ষেত্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহারকে একটি কারণ হিসেবে তুলে ধরা হয় চিঠিতে। ইভিএমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচনে ভোট নেওয়ায় ইসির উদ্যোগের বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, “এত দ্রুত নির্বাচন করতে হলে ইভিএম ছাড়াই ঢাকার নির্বাচন দুটি পরিচালনা করতে হবে যা ইভিএম প্রচার কর্মসূচিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।” গতবছল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের পর চলতি বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এক চতুর্থাংশ ভোট নেওয়া হয় ইভিএমে। নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পুরো ভোট ইভিএমে নেওয়া হবে বলে ইতিমধ্যে জানিয়েছে নির্বাচন কমিশন। অবশ্য বাংলাদেশের প্রধান বিরোধী দল নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধী। তারা একে সরকারের ‘ডিজিটাল কারচুপির’ পরিকল্পনার অংশ বলে অভিহিত করছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণের মাত্র সাড়ে সাত ঘণ্টা নিজেদের সমর্থিত প্রার্থীকে প্রত্যাহার করে বিএনপি। বিভক্ত ডিসিসিতে বর্তমান নির্বাচন কমিশনের নির্বাচন আয়োজন না করার পক্ষে তৃতীয় যুক্তি হিসেবে চিঠিতে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কথাও বলা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ চলমান থাকার কথা উল্লেখ করে এতে বলা হয়, “একই সঙ্গে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনের নিজস্ব জনবল দিয়ে সম্পন্ন করতে হলে মাঠের বিপুল সংখ্যক কর্মকর্তাকে ঢাকায় নির্বাচন কাজে নিয়োগ করতে হবে। এতে কমিশনের মাঠ প্রশাসন সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে যা কারো কাম্য নয়।” ওই সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি। মঙ্গলবার ছিল এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেকে/পিডি/০০০০ ঘ.