ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে বুধবার আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, “মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। অনেকে এর আগে ভিন্ন কৌশলে প্রচারণা চালিয়েছে।”
সাখাওয়াত জানান, বিশেষ করে মাইকে প্রচারণায় নির্ধারিত সময়ের বাইরে গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লার ৯ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আরো ৯ জন ম্যাজিস্ট্রেট মাঠে নামবে।
তিনি বলেন, “কোনো প্রার্থী নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। অন্যদিকে কোনো প্রার্থীকে কোনো দল বা ব্যক্তি নির্বাচন প্রচারণা চালাতে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া কোনো প্রার্থীকে হুমকি দেওয়ার ব্যাপারেও কমিশনের কাছে লিখিত অভিযোগ করলে কমিশন তা তাৎক্ষণিক তদন্ত করবে বলে জানান এই নির্বাচন কমিশনার।
অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্টদের দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার থেকে আগামী সাত দিন প্রতিটি ওয়ার্ডে হাতে-কলমে ইলকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেওয়া শেখানো হবে।
নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনে নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি। কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের সবগুলোতে ইভিএমে ভোট হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৯ ঘ.
bdnews24