ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের পর গণতন্ত্রকে ‘ধ্বংস করে’ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার সঙ্গে আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
তিনি বুধবার এক আলোচনা সভায় বলেন, “মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তি ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এজন্য দেশের শ্রেষ্ঠ সন্তানরা বিজয়ের ঊষালগ্নে প্রাণ দিয়েছিলেন।”
মুুক্তিযুদ্ধের সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের পোস্টমাস্টার জেনারেল মওদুদ বুদ্ধিজীবীদের হত্যার জন্য পাকিস্তানি বাহিনী এবং এ দেশে তাদের দোসর রাজাকার, আল-বদর ও আলশামস্ বাহিনীকে দায়ী করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ সদস্য বলেন, “স্বাধীনতার পরও দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলছিল। শহীদ জহির রায়হান আমার খালাত ভাই ছিলেন। তিনি বিজয়ের দুইদিন পর মিরপুর বধ্যভূমিতে গিয়ে আর ফিরে আসেননি।”
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপি এ আলোচনা সভা আয়োজন করে।
সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১৯৭১-৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশের অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংস করেছিলো। এবারও তারা ক্ষমতায় এসে গণতন্ত্রকে জগদ্দল পাথরের নিচে নিয়ে ভিন্ন লেবাসে বাকশাল কায়েমের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’’
সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ওসমান ফারুক, শওকত মাহমুদ, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ছাত্র বিষয়ক সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেকে/পিডি/২০৪৬ ঘ.
bdnews24