ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ এ রায় দেয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এম এ আজিজ খান সাংবাদিকদের বলেন, আবেদন খারিজ হওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা চলতে আইনগত কোনো বাধা নেই। রুলের ওপর তিন দিনের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন।
জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে।
২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি দুদকের দায়ের করা এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। অভিযোগপত্র দেওয়া হয় একই বছরের ৫ অক্টোবর।
পরে মামলাটি বাতিলে হাইকোর্টে আবেদন করেন সাবেক জোট সরকারের মন্ত্রী নিজামী ও মুজাহিদ।
২০০৮ সালের ১২ নভেম্বর আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ এই মামলায় নিজামী-মুজাহিদকে জামিন দিয়ে মামলা কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেয়। একইসঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ২০০৯ সালের ১৮ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে দুদক।
শাহবাগ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের মামলায় জামায়াতে ইসলামীর আমীর নিজামী ও সেক্রেটারি জেনারেল মুজাহিদ কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৫৮ ঘ.
bdnews24