২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মেয়রপ্রার্থী ৯ জন

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নয় জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

কুমিল্লা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নয় জনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। বুধবার নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় অতিক্রান্ত করার পর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানান রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো মেয়র প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। তবে ছয় জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত আফজল খান, নাগরিক কমিটির ব্যানারে বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু, জাসদের শিরিন আক্তার, চঞ্চল কুমার ঘোষ, মো. সালমান সাঈদ ও মামুনুর রশিদ। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে এবং সংরক্ষিত মহিলা আসনে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট হবে ৫ জানুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করে প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে দলটির নেতা কুমিল্লা পৌরসভার সাবেক মেয়র সাক্কু নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে মেয়র পদে লড়ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৫১ ঘ.