ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে হত্যার ঘটনা বাড়তে থাকায় দেশে উদ্বেগের সৃষ্টি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলছেন, তিনি ‘গুপ্তহত্যার’ বিষয়টি জানতে পেরেছেন পত্রিকা পড়ে। এর বাইরে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতেও অনুরোধ করেছেন তিনি।
বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে এক সভা শেষে সাংবাদিকরা গুপ্তহত্যার বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “গুপ্তহত্যা হোক, আর অপহরণ হোক, পত্র-পত্রিকা দেখে তদন্ত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
মন্ত্রণালয়ে এ বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কি না জানতে চাইলে সাহারা বলেন, “আমরা পত্র-পত্রিকা থেকেই গুপ্তহত্যার কথা জানতে পেরেছি, এর বাইরে আরো কোনো তথ্য থাকলে আপনারা জানাবেন, প্লিজ।”
স¤প্রতি দেশে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে ‘উদ্ধার’ করা হয়েছে বিভিন্ন স্থান থেকে।
মঙ্গলবারও মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদী থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়, যাদের গুলি চালিয়ে হত্যার পর বস্তায় ভরে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে পুলিশের ধারণা।
কয়েকদিন আগে ধলেশ্বরী নদী থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়েছিলো, যার একটি ছিলো ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনের। ছাত্রদলের অভিযোগ, ইসমাইলসহ সংগঠনের তিন নেতা-কর্মীকে গত ২৮ নভেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাতিরপুল থেকে তুলে নিয়ে যায়।
এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। এ ‘রহস্য’ ভেদ করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও।
গুপ্তহত্যার বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কি উদ্যেগ নিয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী পাল্টা প্রশ্ন রাখেন, “লাশ পুলিশই উদ্ধার করছে, লাশ দেখা মাত্র তারা উদ্ধার করছে। লাশ কি অন্য কেউ উদ্ধার করছে?”
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এই আওয়ামী লীগ নেতা দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন গত ১০ বছরের মধ্যে সবচে ভালো বলেই ‘বিদেশি পত্র-পত্রিকায়’ উল্লেখ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমা দুই ধাপে
গতবছরের মতো এবারও দুই ধাপে বিশ্ব ইজতেমা হবে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, “আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি দুই ধাপে ইজতেমা হবে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে সভা শেষে জানানো হয়।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব মঞ্জুর হোসেন, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকারসহ মন্ত্রণালয়ের ঊধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪২৬ ঘ.
bdnews24