২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রণক্ষেত্রে জিয়ার থাকার প্রমাণ নেই: হাসিনা

জিয়াউর রহমানের গড়া দল বিএনপিকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করে খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের গড়া দল বিএনপিকে মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করে খালেদা জিয়ার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বুধবার বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগ আয়োজিত সভায় বলেন, “মুক্তিযুদ্ধকালীন রণক্ষেত্রে জিয়ার যুদ্ধ করার কোনো প্রমাণও নেই। অনেকেই তখন জিয়াকে ‘মেজর রিট্রিড’ বলতো। কারণ যুদ্ধক্ষেত্রের তিন কিলোমিটার দূরে দূরে নাকি তিনি থাকতেন।” মুক্তিযুদ্ধের সময় কিছু ভুল সিদ্ধান্তের কারণে সেক্টর কমান্ডার ও ‘জেড’ ফোর্সের অধিনায়ক জিয়াকে মুজিবনগর সরকার কয়েকবার বহিষ্কার করে বলে জানান বঙ্গবন্ধুকন্যা হাসিনা। বীরউত্তম খেতাবপ্রাপ্ত জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। প্রথমে দেশের প্রথম সামরিক আইন প্রশাসক এবং পরে রাষ্ট্রপতি হন তিনি। নিজে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলেও জিয়ার মন্ত্রিসভা ও তার দলে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের অনেকে স্থান পায়। বলা হয়, মুক্তিযুদ্ধে মাধ্যমে অর্জিত বাংলাদেশের যাত্রা তার হাত ধরেই বিপরীত দিকে যেতে থাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পক্ষকাল আগে খুলনা অভিমুখে রোড মার্চের জনসভায় বলেছিলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি এবং বিএনপিই মুক্তিযুদ্ধের সপক্ষের দল। বঙ্গবন্ধু পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি। শেখ হাসিনা বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে ও নির্দেশে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার পরিবারের প্রত্যেকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন। “শেখ কামাল সরাসরি মুক্তিযুদ্ধ করেছে, শেখ জামাল বন্দিদশা থেকে পালিয়ে গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছে। শেখ ফজলুল হক মনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। নিবিড়ভাবে তিনি গেরিলা যুদ্ধের তত্ত্বাবধান করেছেন। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে থেকেছি।” বিরোধীদলীয় নেতার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন রাখেন- “একাত্তরের ২৫ মার্চ জিয়াউর রহমান কোথায় ছিলেন, কী করছিলেন?” “বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর যখন সারাদেশে বাঙালিরা পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যারিকেড সৃষ্টি করছিলো, তখন চট্টগ্রামে পাকবাহিনী নির্বিচারে গুলি করে বাঙালিদের হত্যা করেছিলো। ওই হত্যাযজ্ঞে পাকবাহিনীর একজন ছিলেন জিয়া। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য সোয়াত জাহাজ থেকে অস্ত্র-গোলাবারুদ খালাস করতে গিয়েছিলেন ওই জিয়া,” বলেন হাসিনা। তিনি বলেন, “জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলেই। আর খালেদা জিয়াও স্বাধীনতার পর জিয়ার স্ত্রী ছিলেন, তাও বঙ্গবন্ধুর দয়ায়। আজ বড় বড় কথা তার (খালেদা) মানায় না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২০৫ ঘ.