২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা মামলা বাতিলে খালেদার আবেদনে বুধবার রায়

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফ্যানেজ ট্রাস্টের আর্থিক অনিয়মের মামলাটি চলবে কি না, তা নির্ধারিত হবে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফ্যানেজ ট্রাস্টের আর্থিক অনিয়মের মামলাটি চলবে কি না, তা নির্ধারিত হবে বুধবার। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাটি বাতিলে সাবেক প্রধানমন্ত্রীর আবেদনের শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ঠিক করে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এ মামলা হয়। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় করা এ মামলায় খালেদার পাশাপাশি তার ছেলে তারেক রহমানসহ মোট সাত জনকে আসামি করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট মামলার অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার শুনানিতে মামলাটি বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক ও অ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা বাতিল না করার পক্ষে যুক্তি দেন। খালেদার আইনজীবীরা আদালতে বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই এ মামলাটি করা হয়েছে। মামলা এবং অভিযোগপত্র দেওয়ার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলেও দাবি করেন তারা। এর বিপরীতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই মামলার সব অভিযোগ দালিলিকভাবে প্রমাণিত। তাই এই মামলাটি এ পর্যায়ে এসে বাতিল হয়ে যেতে পারে না । বরং বিচারিক আদালতে এর বিচার হওয়া উচিত। হাইকোর্টের একটি রুল নিষ্পত্তি না হওয়ায় এ মামলাটি অনেকদিন ধরে বিচারিক আদালতে ঝুলছে। খালেদা ও তারেকের আবেদনে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চায়, মামলাটি কেন বাতিল হবে না। হাইকোর্টের দেওয়া এই রুলের নিষ্পত্তি করতে গত অক্টোবরে দুর্নীতি দমন কমিশন আদালতে আবেদন করেন। গত ৩০ নভেম্বর ওই আদেশের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে সময়ের আবেদন করেন খালেদার আইনজীবীরা। তা নামঞ্জুর হলে তারা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি লিখিত আবেদন দেন। আদালত শুনানি শেষে ওই দিনই আবেদনটি খারিজ করে দেয়। খারিজের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান খালেদার আইনজীবীরা। গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ রুলের শুনানির জন্য খোন্দকার মূসা খালেদের নেতৃত্বাধীন বেঞ্চকে দায়িত্ব দিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে শুনানি করার নির্দেশ দেয়। এ মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১২৪ ঘ.