২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সাংসদ: শপথ বৃহস্পতিবার

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত পাঁচ জনের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত পাঁচ জনের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ সচিবালয়ের আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদ তাদের শপথ পড়াবেন। বিকালে নবনির্বাচিত পাঁচ জন সংসদ সদস্যর নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন। নতুন এই পাঁচ সংসদ সদস্য হলেন- সাংবাদিক বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন নেসা বাপ্পি। গত বৃহস্পতিবারবার রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ প্রার্র্থীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এই পাঁচটি আসন ক্ষমতাসীন দলের প্রার্থীরাই পাওয়ার কথা থাকায় এই পাঁচ জনের সাংসদ হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গত জাতীয় নির্বাচনে দলীয় সংসদ সদস্য সংখ্যার (আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে) হিসাব করে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, এই ৫ আসনই পাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই পাঁচ জনকে নিয়ে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়াবে ৪১। এছাড়া বিএনপি ৫ ও জাতীয় পার্টির ৪ সদস্য সংরক্ষিত আসনে রয়েছেন। সংসদে ৩০০ আসনের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোটের (নৌকা প্রতীকে আওয়ামী লীগসহ অন্য দল জাসদ-৩, ওয়ার্কার্স পার্টি-২ ও স্বতন্ত্র ৩) ২৩৯ আসন, জাতীয় পার্টির ২৫ আসন, বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের (বিজেপি-১) ৩২ আসন, জামায়াতে ইসলামীর ২ আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি আসন রয়েছে। এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন এক জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৯১৪ ঘ.