২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধের স্মারক তোরণ ভেঙেছে ক্ষমতাসীনরা’

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে মিরপুর ও সাভারে সড়কে বিএনপির তৈরি করা তোরণ ও ব্যানার-ফেস্টুন ক্ষমতাসীনরা ভেঙে ও ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে মিরপুর ও সাভারে সড়কে বিএনপির তৈরি করা তোরণ ও ব্যানার-ফেস্টুন ক্ষমতাসীনরা ভেঙে ও ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুর দলের যৌথসভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “মুক্তিযুদ্ধের স্মরণে প্রতিবারের মতো এবারও বিএনপির পক্ষ থেকে তোরণ ও ব্যানার-ফেস্টুন টাঙানো হয়। কিন্তু ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ওইসব ছিঁড়ে ফেলা হয়েছে।” “পুলিশ তোরণগুলো ভেঙে ফেলেছে” দাবি করে তিনি বলেন, “এটাই হচ্ছে ক্ষমতাসীন দলের গণতন্ত্রের নমুনা।” শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে স্মৃতিসৌধের অনুষ্ঠান যেন বিরোধীদলীয় নেতাসহ অন্য নেতারা শান্তিপূর্ণভাবে পুষ্পমাল্য অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্য সরকারের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে গঠিত জাতীয় কমিটির উদ্যোগে এই যৌথসভা হয়। সভায় ১০ দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। তোরণ তুলে ফেলা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “শহীদদের স্মরণে আমরা প্রতিবছর এই তোরণ নির্মাণ করি। এটা দুভার্গ্যজনক যে এবার তা তুলে ফেলা হয়েছে। পুলিশ কমিশনারকে জানানো হলে তিনি বলেছেন, স্থানীয় এমপি সাহেবের নির্দেশে তা করা হয়েছে।” ব্রিফিঙে জাতীয় কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ১৪ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে- বুধ্বার সকাল ৮টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, বিকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, সন্ধ্যায় দুই দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন, ১৫ ডিসেম্বর দুপুরে বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। বিজয় দিবসের দিন ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার পুষ্পমাল্য অর্পণ, সকাল ৭টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৭ ডিসেম্বর দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সমানে থেকে বিজয় শোভাযাত্রা, ১৮ ডিসেম্বর দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ১৯ ডিসেম্বর কৃষক দল ও ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ২০ ডিসেম্বর যুব দল, ২১ ডিসেম্বর মহিলা দল, ২২ ডিসেম্বর মৎস্যজীবী দল, ২৩ ডিসেম্বর ছাত্রদল, ২৪ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ২৫ ডিসেম্বর জিয়া পরিষদের উদ্যোগে আলোচনা সভা। খন্দকার মোশাররফের সভাপতিত্বে যৌথ সভায় দলের সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটল, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৬ ঘ.