ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে তার মন্ত্রণালয় ‘জিরো টলারেন্স’ দেখাবে।
মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয় আকস্মিক সফরে গিয়ে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিস্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিআরটিএ’র ইমেজ নিয়ে জনসাধারণের মাঝে ব্যাপক অসন্তোষ রয়েছে এবং সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এ জন্য দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স দেখাবে।”
“দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা, অদক্ষতা এবং অসততা সহ্য করা হবে না,” যোগ করেন তিনি।
বিআরটিএ’র সেবার গতি বাড়াতে এবং সাধারণের ভোগান্তি লাঘবে অতিরিক্ত চারটি কাউন্টার খোলার নির্দেশ দিয়ে কাদের বলেছেন, বিআরটিএ’র জনবল সমস্যাসহ বিভিন্ন দাপ্তরিক সমস্যার সমাধান ধাপে ধাপে করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা, ছবি তোলা, টিপসই প্রদানসহ যানবাহন কর দেওয়ার বিষয়ে সেবার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৮২৩ ঘ.
bdnews24