২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বিএনপির সভায় হট্টগোল

বিএনপির দুই পক্ষের হট্টগোলের কারণে জয়নুল আবদিন ফারুক বক্তব্য না দিয়েই সভাস্থল ছাড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে সভায় বিএনপির দুই পক্ষের হট্টগোলের কারণে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বক্তব্য না দিয়েই সভাস্থল ছেড়েছেন। সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে এ সভার আয়োজন করেছিলো যুক্তরাজ্য বিএনপি। টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ডাকা এ সভায় দলের বিবদমান দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মারামারির জন্য স্থানীয় বিএনপির দুই পক্ষ একে অপরকে দুষছে। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালেক। অন্য অংশের নেতৃত্বে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। সভায় উপস্থিত বিএনপি নেতারা জানান, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েকশ’ নেতাকর্মী সভায় যোগ দিতে এসেছিলেন। তবে সভা পণ্ড হয়ে যাওয়ায় তারা হতাশ হয়ে ফিরে গেছেন। সভায় উপস্থিত একাধিক বিএনপি কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে এম এ সালাম বক্তা হিসেবে প্রধান অতিথি বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নাম ঘোষণা করলে হৈ চৈ শুরু হয়। এরপর শুরু হয় হাতাহাতি ও মারামারি। তখন ফারুক বক্তব্য না দিয়েই দ্রুত হল ছাড়েন। মারামারির বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটির মেয়াদ আর মাত্র দুই সপ্তাহ। এরপর নতুন কমিটি গঠিত হবে। “তাই আমার জনপ্রিয়তা ও সুনাম নষ্ট করার জন্য অন্য পক্ষ ইচ্ছাকৃতভাবে এই অপকর্মের সূত্রপাত করে। যুবদলের নেতাদের বক্তব্য দিতে সুযোগ না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বর্তমান সাধারণ সম্পাদক তা হ্যান্ডল করতে পারেননি,” বলেন তিনি। অন্যদিকে বর্তমান সাধারণ সম্পাদক সালাম সভা পণ্ডের জন্য মালেককে দায়ী করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু মুখচেনা যুবককে নিয়ে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। তাদের উদ্দেশ্য খারাপ।” বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থানের মধ্যেই এ মারমারি হলো। চিকিৎসার জন্য তারেক গত সাড়ে তিন বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব নিযে কোন্দল দীর্ঘদিনের। এমএ মালেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রায় ১৭ বছর। তার একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। একই সময়ে সভাপতির দায়িত্বে ছিলেন মহিদুর রহমান। তবে তারা এত দিনের কোনঠাসা অবস্থান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বলে বিএনপি নেতারা জানান। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের শেষ দিকে যুক্তরাজ্য বিএনপির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে আবির্ভূত হন ব্যবসায়ী কমর উদ্দিন। পরে তিনি যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আসেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হন সালাম। তারেক চিকিৎসার জন্য লন্ডনে এলে কমর উদ্দিনই তার সব কিছুর ব্যবস্থাপনায় ছিলেন। তার মাধ্যমেই তারেকের দেখা মিলতো বলে বিএনপি নেতারা জানান। এ নিয়ে অন্য পক্ষের ক্ষোভ ছিলো। গত এপ্রিল মাসে কমর উদ্দিনের আকস্মিক মৃত্যুর পর তার বিরোধী অংশ শক্তি সঞ্চয় করতে থাকে। এতে কোন্দল নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে বলে স্থানীয় নেতারা বলছেন। গত মে মাসে খালেদা জিয়া লন্ডনে সভা করার সময়ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দেওয়া হয়। এতে বিরক্তিও প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন। বর্তমানে যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী মিয়া মনিরুল আলম। তবে পুরানো কমিটির নেতা মহিদুর রহমান ও মালেককে সম্পৃক্ত করে নতুন একটি কমিটির গঠনের কথা আলোচনায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এমআই/১৫৪৫ ঘ.