ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে অপারগতা প্রকাশ করার প্রেক্ষাপটে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৮০ দিনের মধ্যে নতুন কমিশনই (ইসি) ঢাকায় নির্বাচন করবে।
তবে নির্বাচন করার বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ বলার অধিকার নির্বাচন কমিশনের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ৩৫টি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবহন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংশোধিত আইনে গেজেটের ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। তা সম্ভব না হলে ভোট হবে পরবর্তী ৯০ দিনে।
“আইনের মধ্যে থেকেই ১৮০ দিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণে আলাদা নির্বাচন করবে নতুন ইসি”, যোগ করেন তিনি।
সংশোধিত আইনের গেজেট গত ১ ডিসেম্বর প্রকাশিত হওয়ায় সৈয়দ আশরাফের ব্যাখ্যা অনুযায়ী ১৮০ দিন, অর্থাৎ আগামী বছর মে মাসের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করা যাবে।
প্রধান বিরোধী দলের প্রবল বিরোধিতার মধ্যে সরকার গত ২৯ নভেম্বর স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন) সংশোধনের বিল জাতীয় সংসদে পাস করে। এর মধ্য দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে উত্তর ও দক্ষিণে আলাদা দুটি সিটি কর্পোরেশন হয়।
গত ১ ডিসেম্বর এ আইনের গেজেট প্রকাশের পর দুই কর্পোরেশনের ওয়ার্ডের তালিকা করে প্রজ্ঞাপনও জারি করে স্থানীয় সরকার বিভাগ। দুই ভাগে দুইজনকে প্রশাসক নিয়োগ করে ৯০ দিনে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর একটি চিঠিও দেয় কমিশনকে।
কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সোমবার সাংবাদিকদের জানান, মেয়াদের শেষ সময়ে চলে আসায় বর্তমান নির্বাচন কমিশন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে না। ফলে আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন সম্ভব কি না তা নিয়ে তৈরি হয় সংশয়।
বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আর আইন অনুযায়ী গেজেট জারির পর ৯০ দিন পুরো হবে ২৮ ফেব্র“য়ারি।
এই পরিস্থিতিতে ৯০ দিনের বিধি মেনে নির্বাচন করতে গেলে বর্তমান কমিশনকে তফসিল দিতে হবে এবং নতুন ইসিকে দায়িত্ব নেওয়ার পরপরই নির্বাচন পরিচালনা করতে হবে। অতীতে এ রকম কোনো নির্বাচনের নজির নেই উল্লেখ করে এ নির্বাচনের তফসিল দিতে অপরাগতা প্রকাশ করেন সিইসি।
তার এ ঘোষণায় উষ্মা প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী সাংবাদিকদের বলেন, “বর্তমান ইসির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যে সময় আছে তাতে নির্বাচন সম্ভব নয় বলছেন তারা। কিন্তু নির্বাচন করাই নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন করার বিষয়ে হ্যাঁ বা না বলার অধিকার ইসির নেই।”
আশরাফ বলেন, নতুন ইসির প্রথম কাজই হবে বিভক্ত ডিসিসির নির্বাচন করা।
“বর্তমান ইসির মেয়াদ শেষে রাষ্ট্রপতি নতুন ইসি নিয়োগ দেবেন। আশা করি, নতুনরা এসেই ডিসিসির দুই ভাগে নির্বাচন করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৪০৮ ঘ.
bdnews24