২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন দমাতেই সাম্প্রদায়িকতার অভিযোগ: ফখরুল

সরকার ‘নতুন মোড়কে’ ফের একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে আন্দোলন থেকে দাবিয়ে রাখতে এখন সাম্প্রদায়িকতার অভিযোগে মামলা করার হুমকি দেওয়া হছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ‘নতুন মোড়কে’ ফের একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে আন্দোলন থেকে দাবিয়ে রাখতে এখন সাম্প্রদায়িকতার অভিযোগে মামলা করার হুমকি দেওয়া হছে। মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারপরও তারা ক্ষান্ত হচ্ছে না। এখন সাম্প্রদায়িকতার সৃষ্টির অভিযোগ এনে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ২৬ হাজার মামলা দেওয়ার হুমকি দিচ্ছে।” ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু সম্প্রদায় এবং ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনকারী হিসেবে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করে গত ২৪ এপ্রিল প্রতিবেদন দেয় সরকার গঠিত সাহাবুদ্দিন কমিশন। এরপর ৯ ডিসেম্বর এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সংখ্যালঘু নির্যাতনে জড়িত সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে বলেও ইংগিত দেন তিনি। এর প্রতিক্রিয়ায় মানববন্ধন কর্মসূচিতে ফখরুল বলেন, “এর উদ্দেশ্য একটাই, বিরোধী দলকে জনগণের ভোটের অধিকারের আন্দোলন থেকে দূরে রাখা”, যোগ করেন এই বিএনপি নেতা। সরকারের এ তৎপরতার জবাব রাজপথে আন্দোলনের মাধ্যমেই দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন ফখরুল। সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে লালবাগ থানা বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীচর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ‘ব্যর্থ’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দেশের গণতন্ত্র আজ তারা (সরকার) অবরুদ্ধ করে ফেলেছে। মানুষের মৌলিক অধিকার তারা খর্ব করেছে। কার্যত নতুন মোড়কে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে।” সরকারের ‘দমননীতির’ সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন সরকার দমন নির্যাতন চালিয়ে ৩০ হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে হত্যা করেছিলো। তার পরিণতি শুভ হয়নি।” অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩০৭ ঘ.