ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আবুল হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ে যে চেয়ারটিতে বসতেন তা সরিয়ে ফেলা হয়েছে।
নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দায়িত্ব নেওয়ার দিনই ‘আরামদায়ক’ ওই চেয়ারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সোমবার মন্ত্রীর দপ্তরে গিয়ে আগের সেই চেয়ারটি দেখা যায়নি। ওই চেয়ারে বসেই প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছিলেন আবুল হোসেন।
নতুন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চেয়ারের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারটি বেশি আরামদায়ক ছিলো বলে তা সরিয়ে নিতে বলা হয়।”
গত ৭ ডিসেম্বর মন্ত্রণালয়ে যোগদানের পরপরই সচিবকে উদ্দেশ্য করে ‘বেশি আরামদায়ক’ চেয়ার সরিয়ে নিতে বলেছিলেন নতুন মন্ত্রী।
কাদের সেদিন বলেছিলেন বলেন, “আমি সোজা হয়ে বসতে চাই।”
শেখ হাসিনার সরকারের মন্ত্রী হিসেবে গত ২৮ নভেম্বর শপথ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের। এর ছয় দিন পর তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০২০ ঘ.
bdnews24