২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসক নিয়োগ নিয়ে রিট: শুনানি বৃহস্পতিবার

বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের রিট আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের রিট আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে। দুই আইনজীবী, একজন আইন শিক্ষক ও একজন শিক্ষানবিশ আইনজীবীর পক্ষে শোয়েব উদ্দিন খান রোববার এই রিট আবেদন করেন। সোমবার তা বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে উপস্থাপন করা হলে বৃহস্পতিবার শুনানির দিন রাখা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ সংশোধনের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে উত্তর ও দক্ষিণে দুটি কর্পোরেশন করার পর সরকার ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণে দুইজন প্রশাসক নিয়োগ দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান। আর উত্তরের দায়িত্ব দেওয়া হয় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরীকে। রিট আবেদনকারীদের আইনজীবী শোয়েব খান বলেন, “আইন সংশোধন করে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত ব্যক্তিকে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এটা সংবিধানের প্রস্তাবনা ৭, ৯, ১১ ৫৯, ৬০ অনুচ্ছেদের পরিপন্থী। এ কারণেই এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।” ডিসিসি ভাগের প্রতিবাদে বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাও হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। তার আবেদনে ডিসিসি দুই ভাগ করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩৫ ঘ.