ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সমমনা ১০টি দল।
রোববার রাতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে সমমনা এ দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নির্দলীয় আন্দোলনের চেয়ারম্যান আ ল ম ফজলুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-এর সভাপতি জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগের কার্যকরী সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, “সমমনা দলগুলোর পক্ষ থেকে চারদলীয় জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নেত্রী বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।”
বৈঠকে চলমান আন্দোলন ও কর্মসূচির নিয়ে আলোচনা হয়েছে।
এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
এর আগে খালেদা জিয়া লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিপি) প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩৪৯ ঘ.
bdnews24