২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরেই চারদলীয় জোটে এলডিপি: অলি

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে চলতি মাসেই যুক্ত হচ্ছে অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 05:19 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে চলতি মাসেই যুক্ত হচ্ছে অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী ১৬ ডিসেম্বরের পর বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা হবে বলে জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। খালেদা জিয়ার সঙ্গে রোববার এক ঘণ্টার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে অলি বলেন, “আমি আনন্দিত- জোটে যুক্ত হওয়ার সব কিছুই সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানান, জোটে এলডিপির যুক্ত হওয়ার জন্য কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে। যেমন স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়টি অনুমোদন নেওয়া। “আমরা আশা করছি- আগামী ১৬ ডিসেম্বরের পর দলের স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে,” বলেন তিনি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এলডিপির সভাপতি অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে। বৈঠকে চার দলীয় জোটে এলডিপির অন্তর্ভুক্তি ও সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, সৈয়দ দিদার বখত, মামদুদুর রহমান চৌধুরী ও যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির চট্টগ্রাম রোড মার্চ প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অলি। তিনি বলেন, “এই সরকারেরর পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। দেশের মানুষ কষ্ট পাচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।” স¤প্রতি প্রধানমন্ত্রী ও এক নারী সাংসদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাংসদ অলিকে তার নির্বাচনী এলাকা সাতকানিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় আওয়ামী লীগ। এ ঘটনায় মানহানি মামলায় জামিন নিতে গিয়ে চট্টগ্রামে আদালতে সরকার সমর্থকদের হামলার মুখেও পড়েন তিনি। এলডিপির সঙ্গে বৈঠকের পরপরই সমমনা ৭ দল ও কল্যাণ পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপার্সন। জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে মত বিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ছাড়েন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অলি আহমেদ। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারায় যোগ দিয়ে সেখান থেকেও বেরিয়ে যান তিনি। এর পর তিনি এলডিপি গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৩৩ ঘ.