২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অন্য দেশের কাজ করছে: খালেদা

বর্তমান সরকার অন্য দেশের সরকারের হয়ে কাজ করছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার অন্য দেশের সরকারের হয়ে কাজ করছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার বিবিসি বাংলা সার্ভিসে প্রচারিত এক সাক্ষাৎকারে ভারতের মনিপুরে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে এ দাবি করেন তিনি। খালেদা বলেন, “[ভারতকে] আমরা বারবার বলেছি, চিঠি দিয়েছি। আমরা বলেছি এখন আপনারা [এটি] বন্ধ রাখুন। এটা দুই দেশের বিশেষজ্ঞরা আগে পরীক্ষা-নিরীক্ষা করুক। কিন্তু সেখানেও ভারত রাজি নয়।” “এখানে আমাদের সরকারও নিরবতা পালন করছে,” যোগ করেন তিনি। “বর্তমান সরকার ভারতবান্ধব সরকার হিসেবে পরিচিত” মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “কূটনৈতিক প্রচেষ্টা আছে বলে বলা হচ্ছে বাইরে। কিন্তু তলে তলে তো তারা বাংলাদেশের যা কিছু আছে সব ভারতের হাতে তুলে দিচ্ছে।” টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। বাংলাদেশ সরকার ও বিএনপির পক্ষ থেকে ভারতকে দেওয়া পৃথক চিঠির জবাবে দেশটি বলেছে, বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু টিপাইমুখ প্রকল্পে করা হবে না। মনমোহন সিংয়ের আশ্বাসে তার ভরসা নেই মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “ফারাক্কার কারণে কী হয়েছে দেখুন৻ টিপাইমুখ হলে পূর্বাঞ্চলও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে৻” তিনি বলেন, টিপাইমুখ বাঁধ ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দায়িত্ব সরকারকে নিতে হবে৻ খালেদা প্রধানমন্ত্রী থাকাকালে টিপাইমুখ বাঁধ নির্মাণ ঠেকানোয় তার কোনো উদ্যোগ ছিলো কি না জানতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা বলেন, “আমরা চেষ্টা করেছি। আমরা তাদের চিঠি পাঠিয়েছি। আমি ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি তখনো তিনি একই রিপ্লাই দিয়েছেন।” টিপাইমুখে বাঁধ হলে বাংলাদেশের সিলেট অঞ্চলে তার বিরূপ প্রভাব পড়বে বলে দেশের পরিবেশ বিশেষজ্ঞরা বলে আসছেন। সেখানে পানি প্রত্যাহার হলে মেঘনা, সুরমা ও কুশিয়ারাসহ এর শাখানদীতে পানি সঙ্কট দেখা দেবে বলেও মনে করা হচ্ছে। মনিপুরেও এ বাঁধের বিরোধিতা রয়েছে। সর্বশেষ প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলেন। দেশে ফিরে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী গত ৫ ডিসেম্বর সাংবাদিকদের বলেন, “টিপাইমুখে বাঁধের কারণে বাংলাদেশের ক্ষতি হবে বলে যে কথাগুলো উঠেছে, তার সবই ভিত্তিহীন।” ‘প্রথম দিন থেকেই অসহযোগিতা’ ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পূর্বাপর ঘটনাপ্রবাহ এবং পরবর্তী সময়ে বিএনপির অব্যাহত সংসদ বর্জনের সমস্ত দায় সরকারি দলের ওপর চাপান খালেদা জিয়া৻ তিনি দাবি করেন, সরকারি দলের ক্রমাগত উস্কানির কারণেই তারা সংসদে থাকতে পারেননি৻ তিনি বলেন, “নির্বাচন নিরপেক্ষ হবে না জেনেও ২০০৮ সালে নির্বাচন করেছিলাম৻ ভেবেছিলাম অগণতান্ত্রিক কোনো সরকারের চেয়ে যে কোনো গণতান্ত্রিক সরকারই ভালো৻ প্রথম থেকেই বলেছিলাম সরকারকে সহযোগিতা দেব৻ কিন্তু সরকার প্রথম দিন থেকেই অসহযোগিতা দেখিয়ে চলেছে৻” উদাহরণ দিতে গিয়ে খালেদা জিয়া বলেন, অতীতের সমস্ত ঐতিহ্য অগ্রাহ্য করে সরকার বিএনপির সদস্যদের সংসদে শপথগ্রহণ অনুষ্ঠান টিভিতে সরাসরি দেখায়নি৻ তিনি দাবি করেন, তিন হাজারেরও বেশি নোটিশ দিলেও তার একটিও সরকার গ্রহণ করেনি৻ “বিরোধী দলের নেতা হিসাবে আমি কথা বললে সেটাও টিভিতে প্রচার করা হত না৻ অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে,” বলেন সংসদে বিরোধী নেতা খালেদা। আওয়ামী লীগের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে উপেক্ষা করে বিএনপি আমলের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে ২০০৬ সালে তত্ত্বাবধায়ক প্রধান করে বিএনপি। এরপর সংঘাতমুখী রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দেশে জারি হয় জরুরি অবস্থা। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। যুদ্ধাপরাধ বিচার যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ায় ‘পূর্ণ স্বচ্ছতা’ চান উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “আমরা কোনো পক্ষ নিচ্ছি না৻ আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই৻ তবে এই বিচার হতে হবে আন্তর্জাতিক মান বজায় রেখে৻ বিতর্কিত ব্যক্তিকে বিচারক করে বিচার হয় না৻” যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘দলীয়’ আখ্যা দেওয়া বিএনপি ইতিমধ্যে জাতিসংঘ মহাসচিবের কাছেও ট্রাইব্যুনাল নিয়ে লিখিত অভিযোগ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৫৫ ঘ.