২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারই গুপ্তহত্যা চালাচ্ছে: বিএনপি

গুম ও গুপ্তহত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সরকার বিভিন্ন বাহিনী দিয়ে বিনাবিচারে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সংঘটিত গুপ্তহত্যার জন্য সরকারকে সরাসরি দায়ী করেছে বিএনপি। রোববার দুপুরে ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা থেকে দেখা যাচ্ছে, রাষ্ট্র নিজেই তার বাহিনী দিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।” “আশুলিয়া ও গাজীপুরে এখন প্রতিনিয়ত মানুষের বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। সরকারের বাহিনী বিনা বিচারে মানুষজনকে তুলে নিয়ে হত্যা করছে। এর সঙ্গে বর্তমান সরকারই সরাসরি জড়িত বলে আমরা মনে করি,” বলেন তিনি। তিন নেতা-কর্মী গুম হওয়ার প্রতিবাদে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের ওই সংবাদ সম্মেলন থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ছাত্রদলের গুম হওয়া তিন নেতা-কর্মী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শামীম হোসেন সোহেল, ঢাকা মহানগর উত্তরের ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ইসমাইল হোসেন আল-আমীন ও মাসুম হোসেন। এর মধ্যে ইসমাইলের লাশ ১১ দিন পর পাওয়া গেছে। স¤প্রতি দেশে এ ধরনের হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। এ ধরনের ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র‌্যাব পরিচয়ে ধরে নেওয়া হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গুপ্তহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। ছাত্রদলের তিন নেতার অন্তর্ধানের বিষয়ে ফখরুল বলেন, “র‌্যাব পরিচয়ে ওই তিন জনকে তুলে নেওয়া হয়েছে। থানায় ডায়েরির পরও কোনো জবাব নেই। এ থেকে বোঝা যায়, সরকার এর সঙ্গে জড়িত।” বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে গঠিত হয়েছিলো সন্ত্রাস দমনে বিশেষ বাহিনী র‌্যাব। তাদের বিরুদ্ধে বিনা বিচারের হত্যার অভিযোগে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও সোচ্চার। মানবাধিকার সংগঠন অধিকার’র পরিসংখ্যান তুলে ধরে ফখরুল বলেন, নভেম্বর-ডিসেম্বরে ২০০ জন মানুষ নিখোঁজ হয়েছে। গত ২৭ দিনে ২৭ জন নিখোঁজ হয়েছে। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সোমবার ঢাকায়, মঙ্গলবার জেলা সদরে বিক্ষোভ এবং বুধবার বাদ আসর নয়া পল্টনে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ নভেম্বর খুলনা রোড মার্চ শেষ হওয়ার পর রাজধানীর হাতিরপুল মোতালিব প্লাজার সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিন জনকে মাইক্রোবাসের তুলে নেয়। এরপর ৮ ডিসেম্বর মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ইসমাইল হোসেনের লাশ পাওয়া যায়। ছাত্রদল সভাপতি বলেন, “বর্তমান সরকারের আমলে বাকশালী কায়দায় গুপ্তহত্যা চলছে। কোনো বিচার পাওয়া যাচ্ছে না।” ইসমাইলের সন্ধানে তার মা নাসিমা বেগম কলাবাগান থানায় দুটি সাধারণ ডায়েরি করলেও পুলিশ কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন তিনি। টুকু জানান, ছয় মাস আগে উত্তরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন হিরু একইভাবে নিখোঁজ হন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে ইসমাইলের মায়ের সঙ্গে শামীম হোসেন সোহেলের মা হাসিনা মমতাজসহ তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৫ ঘ.