২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ মুলতবি

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষীকে জেরা করেন। জেরার এক পর্যায়ে সাঈদীর আইনজীবী একটি নথি উপস্থাপন করে তার ভিত্তিতে সাক্ষীকে জিজ্ঞাসা করলে এ নিয়ে আপত্তি তোলে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। এর আগে সাঈদীর আইনজীবীদের তাদের তথ্য প্রমাণ দাখিল করতে ৭ ডিসেম্বর পর্যন্ত সাঈদীর আইনজীবীদের সময় দিয়েছিলো ট্রাইব্যুনাল। এরপরও নতুন তথ্যপ্রমাণ দাখিল করতে রোববার আরো সময় চাইলে ট্রাইব্যুনাল তাদের এক সপ্তাহ সময় দেয় এবং আদালত কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযুক্ত সাঈদী। যুদ্ধাপরাধে গ্রেপ্তার জামায়াত-বিএনপি নেতাদের মধ্যে তার বিচারই সবার আগে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এনএ/এমআই/১৪৪০ ঘ.