ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার সামনে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে লোকমানের ছোট ভাই শামীম নেওয়াজ অংশ নেন।
মানববন্ধন শেষে তিনি বলেন, “একজন জনপ্রিয় মেয়রকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোন গণতান্ত্রিক দেশে ঘটতে পারে না।”
হত্যাকাণ্ডের দীর্ঘদিন পার হলেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করেন তিনি।
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান।
লোকমানের ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারই শুধু মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৬ ঘ.
bdnews24