ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পদ্মা সেতু নির্মাণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিপিপিতে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরদিন রোববার ফখরুল এক সভায় বলেন, “পিপিপির মাধ্যমে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর পরিকল্পনা ওয়ান্ডারফুল ড্রিম, চমৎকার। এটা উনার স্বপ্ন।”
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যে শেখ হাসিনা শনিবার বলেন, প্রয়োজনে পিপিপির মাধ্যমে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার কারণ পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতি’ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
দুর্নীতির অভিযোগ তুলে ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করলেও সরকার বলছে, কোনো ধরনের অনিয়ম হয়নি।
প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতির অভিযোগ বিশ্বব্যাংককে প্রমাণ করতে হবে।
ফখরুল বলেন, ‘দুর্নীতি’র কথা প্রকাশ হওয়ায় তা মেনে নিতে পারছেন না প্রধানমন্ত্রী।
“বিশ্বব্যাংক তার চিঠিতে স্পষ্টভাষায় বলেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে এই সেতুর অর্থায়ন বন্ধ করা হয়েছে। সেজন্যই প্রধানমন্ত্রী যোগাযোগমন্ত্রীকেও সরিয়ে দিয়েছেন। মন্ত্রী পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর এরকম চ্যালেঞ্জ অর্থহীন,” বলেন তিনি।
এরশাদের লংমার্চ প্রসঙ্গ
টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে জাতীয় পার্টির লংমার্চের বিষয়ে ফখরুল বলেন, “ভারত থেকে ফিরে এসে এরশাদ সাহেব লংমার্চ করছেন, জনমনে এই নিয়ে অনেক প্রশ্ন। উনি কখন কী কাজ করেন, বলা মুশকিল।”
ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শনিবার ঢাকা থেকে সিলেটমুখে লংমার্চ শুরু করেন। এ নিয়ে প্রধানমন্ত্রীও তার সমালোচনা করেছেন।
ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে এর আগে বিএনপি সিলেটে হরতাল করেছিলো।
কর্মসূচিতে বাধার অভিযোগ
ফখরুল অভিযোগ করেন, বিএনপির থানায় থানায় বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল। এতে মদদ দিচ্ছে পুলিশ।
“মোহাম্মদপুরে আমাদের সমাবেশের মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। কাফরুলে মিছিলে বাধা দেওয়া হয়েছে। উত্তরাতে আমাদের সমাবেশ করতে দেওয়া হচ্ছে না,” বলেন তিনি।
উত্তরার সমাবেশের বিষয়ে ফখরুল বলেন, “পুলিশের কাছে অনুমতি চাইতে গেলে আমাদের নেতাদের বলা হয়েছে, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। এখানে সমাবেশ করা যাবে না। আমরা কোন গণতান্ত্রিক দেশে আছ্,ি সেখানে সভা-সমাবেশ করতে দেয়া হয় না।”
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সড়কে ক্ষমতাসীন দলের কর্মীরা বিএনপির সব পোস্টার-ব্যানার ছিড়ে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশন ভাগের প্রতিবাদে বিএনপি ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে প্রতিটি থানায় বিক্ষোভ করছে।
সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পাশে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানের ‘বলাকা’ ভবন চত্বরে বিমানের সিবিএ নির্বাচন উপলক্ষে শ্রমিক দলের সভায় বক্তব্য রাখেন ফখরুল।
আগামী ১৫ ডিসেম্বর বিমানের সিবিএ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপির সমর্থিত ফিরোজ-উজ-জামান সভাপতি, মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর কবির সাংগঠনিক সম্পাদক পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০৫ ঘ.
bdnews24