২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসীর সহযোগিতা চাই: হাসিনা

একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগী হয়ে যে বাংলাদেশিরা পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের ‘গাদ্দার’ উল্লেখ করে যুদ্ধাপরাধের বিচারে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 10:46 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগী হয়ে যে বাংলাদেশিরা পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের ‘গাদ্দার’ উল্লেখ করে যুদ্ধাপরাধের বিচারে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপোর উদ্বোধনী বক্তৃতার শুরুতেই তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, “আজ ১০ ডিসেম্বর। একাত্তরে এই ১০ ডিসেম্বর থেকেই পাকিস্তানী বাহিনীর দোসররা ইত্তেফাকের সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়ে হত্যা করতে শুরু করেছিল।” ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন জানিয়ে শেখ হাসিনা বলেন, “পাকিস্তানিরা ছিল হানাদার। পাকিস্তানী সেনাবাহিনী তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। কিন্তু যারা এই দেশের সন্তান হয়েও গাদ্দারি করেছে- তারাতো মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী।” “সেই যুদ্ধাপরাধীদের বিচারে সকল দেশবাসীর সহযোগিতা কামনা করছি”, যোগ করেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছর ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এ ট্রাইব্যুনালে জামায়াতের শীর্ষ পাঁচ নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে এরইমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তাদের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেছে। প্রধানমন্ত্রী বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার-আলবদররা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করেছে। আমাদের দেশটাকে মেধাশূন্য করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তারা পরিকল্পিতভাবে সমাজের এই গুণীদের হত্যা করেছে।” বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬৩৪ ঘ.