২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছে: শামীম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছে বলে দাবি করেছেন সাবেক সাংসদ শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছে বলে দাবি করেছেন সাবেক সাংসদ শামীম ওসমান। নারায়ণগঞ্জে শনিবার বিকেলে এক সমাবেশে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন, “নেত্রীর ওপর আঘাত আসতে পারে। তাই আগামী ৬ মাসে বাংলাদেশের রাজনীতিতে অনেক ঘটনাই ঘটতে পারে।” এ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ শহরের খানপুর ২শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের সামনে সড়কে বিজয় দিবস উপলক্ষে জেলা ও শহর আওয়ামী লীগ আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন শামীম ওসমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মফিজুল ইসলাম। ১১ বছর আগে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা এবং সা¤প্রতিক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, “কিছু পত্রিকা-মিডিয়া আমাকে পছন্দ করেন না। আমি মানুষ, ফেরেশতা বা শয়তান না।” “আমারও ভুল থাকতেই পারে, ভুল শুধরে দিন। কিন্তু আমার ক্ষতি করতে গিয়ে নারায়ণগঞ্জে স্বাধীনতাবিরোধী শক্তিকে উৎসাহিত করবেন না,” বলেন তিনি। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে গোলাম আযমকে গ্রেপ্তার এবং যুদ্ধাপরাধ বিচারে আরো ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান শামীম ওসমান। তিনি বলেন, “চারদলীয় জোট সরকার দেড় কোটি ভুয়া ভোটারসহ তালিকা তৈরি করে। সে সময় শেখ হাসিনার সংগ্রামের পরিপ্রেক্ষিতে স্বাধীনতাবিরোধীদের এই ভুয়া ভোটার বাদ দেওয়া হয়।” সেনাবাহিনী ছবিসহ ভোটার তালিকা তৈরি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে এজন্য প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে পুরস্কার দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান শামীম। সমাবেশে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক চন্দন শীল, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর ও সোনারগাঁ থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০৪৮ ঘ.