ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণঅভ্যুত্থানে বর্তমান সরকারের পতন ঘটাতে খালেদা জিয়া ডাক দেবেন উল্লেখ করে দেশবাসীকে প্রস্তুত হতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
“সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে” দাবি করে মোশাররফ শনিবার বলেন, “জনগণের কোনো সমস্যার তারা সমাধান দিতে পারেনি। তাই মিছিল-মিটিং করে নয়, গণঅভ্যুত্থানেই এই সরকারের পতন ঘটাতে হবে।।”
বিকালে রাজধানীর মধ্য বাড্ডায় গুদারাঘাট স্টাফ কোয়ার্টার্র মাঠে ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তি ও বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে থানা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
“ঢাকা ভাগসংবিধানের ৫ ধারার পরিপন্থী” উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, “সংবিধানে আছে- দেশের রাজধানী ঢাকা, উত্তর-দক্ষিণ নয়। সেজন্য ঢাকাবাসী এই বিভক্তি মানে না।”
“বিএনপি আগামীতে ক্ষমতায় এলে সরকারের প্রথম দায়িত্ব হবে ঢাকা সিটি কর্পোরেশনকে একীভূত করা,” বলেন তিনি।
ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করতে গত ২৯ নভেম্বর সংসদে বিল পাস হয়। এর প্রতিবাদে গত ৪ ডিসেম্বর রাজধানীতে বিএনপির ডাকা হরতালের সময় দলটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ও বিলুপ্ত ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলা হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
গত জুনে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রসঙ্গ টেনে খন্দরকার মোশাররফ বলেন, “ব্যর্থতার ভারে সরকার জনসমর্থনহীন হয়ে পড়েছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে। সেজন্য তারা সংবিধান সংশোধন করে ওই পদ্ধতি বাতিল করেছে।”
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের বিরোধিতাকারী বিএনপি তা পুনর্বহালের দাবিতে হরতাল পালনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
অর্থনীতির চাকা সচল আছে বলে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের বিরোধিতা করে মোশাররফ বলেন, “দেশের অর্থনীতির বেহাল অবস্থায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সঠিক নয়। প্রতিদিন ১৩০ কোটি টাকার ঋণ নিয়ে সরকার পরিচালনার পর কীভাবে প্রধানমন্ত্রী বলেন- অর্থনীতির চাকা সচল আছে।”
“বৈদেশিক মুদ্রার মজুদ বিপদজনক পর্যায় উপনীত হয়েছে। ব্যাংকগুলো তারল্য সংকট বিরাজমান। শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারী সর্বশান্ত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কমে গেছে। এরপরও কীভাবে অর্থনীতি সচল থাকে,” প্রশ্ন রাখেন মোশাররফ।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাকের প্রদর্শনী বাটেক্সপো উদ্বোধনে বৈশ্বিক অর্থনীতির মন্দার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তারপরও আমরা দাবি করতে পারি, দেশের অর্থনীতির চাকা আমরা সচল রাখতে সক্ষম হয়েছি।”
এর আগে স¤প্রতি এক সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি ‘দেউলিয়াত্বের’ দিকে যাচ্ছে বলে সমালোচনা করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫৮ ঘ.
bdnews24