২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্জাকের কিডনি ট্রান্সপ্ল্যান্টও লাগবে

লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্যের শুধু যকৃত প্রতিস্থাপনের কথা থাকলেও এখন চিকিৎসকরা বলছেন, তার কিডনিও ভালো নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 04:54 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাকের কিডনিও প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের (যকৃত প্রতিস্থাপন) জন্য ১১ ডিসেম্বর দিন ঠিক হয়েছিলো। কিন্তু কিডনির বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ায় দুটি অঙ্গ প্রতিস্থাপনই একসঙ্গে করতে চাইছেন চিকিৎসকরা। ফলে ৭০ বছর বয়সি রাজ্জাকের অস্ত্রোপচার পিছিয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী ফরিদা রাজ্জাক। রাজ্জাক প্রায় চার মাস ধরে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্জাককে লিভার (যকৃৎ) দেওয়ার কথা ছিলো তার ভাতিজার। তিনি ইতোমধ্যে লন্ডন পৌঁছেছেন। ফরিদা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপারেশনের প্রস্তুতি ছিলো। কিন্তু কিডনি ট্রান্সপ্ল্যান্টের জন্য চিকিৎসকরা আরেকটি অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাচ্ছেন না। দুটি অস্ত্রোপচার একসঙ্গে করতে চাইছেন তারা।” ভাতিজার যকৃত নেওয়া গেলেও তিনি নিজে হৃদরোগী বলে তার কিডনি নিতে চাইছেন না চিকিৎসকরা। এ জন্য নতুন করে কিডনি খোঁজা হচ্ছে বলে জানান ফরিদা। তিনি বলেন, তার স্বামীর শারীরিক অবস্থাও এখন অনেকটা স্থিতিশীল। রাজ্জাকের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। শেখ হাসিনার আগের সরকারের পানিসম্পদমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধুর øেহধন্য রাজ্জাক। এখন তিনি পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজ্জাক ’৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি বাকশাল নামে আলাদা দল গঠন করেন। ’৯০ এর দশকে বাকশাল আওয়ামী লীগের একীভূত হয়। এরপর দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রাজ্জাক। ২০০৯ সালের দলের সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এমআই/১০৪৫ ঘ.