ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের সময়ে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো গণতান্ত্রিক দেশে ‘গুম খুনের’ মতো কর্মকাণ্ড চলতে পারে না।
শনিবার এক পরামর্শমূলক কর্মশালায় তিনি বলেন, “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না, করবও না। আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি মানবাধিকার রক্ষায় সব ব্যবস্থা নেবে।”
পাশাপাশি ‘রাজনৈতিক প্রতিপক্ষকে’ ঘায়েল করতে বর্তমান সরকারের ‘দমননীতিরও’ কঠোর সমালোচনা করেন ফখরুল।
গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর উদ্যোগে ‘গুম হতে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি এম ইমান আলী।
সুইজারল্যাণ্ড দূতাবাস, মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফ্রিডম ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ) এবং এশিয়ান ফেডারেশন এগেইন্সট ইনভলান্টরি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার দুটি কর্ম অধিবেশনে দেশের মানবাধিকার পরিস্থিতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন এবং জনসাধারণের নিরাপত্তার বিষয়টি উপস্থাপন করা হয়। অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খানের সভাপতিত্বে প্রথম কর্ম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরহাদ মজহার।
অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, “বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক প্রতিপক্ষ হলে গুম করে লাশ আশুলিয়ায় ফেলে রাখা হচ্ছে। এটা আতঙ্কিত করে আমাদের।”
“তিন মেয়াদে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর থাকা চৌধুরী আলমকে গুম করে ফেলা হয়েছে। সরকারের কোনো জবাব নেই। এভাবে গুম কিংবা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা কোনো গণতান্ত্রিক দেশের চলতে পারে না। দেশ স্বাধীন হওয়ার পরও এভাবে হাজার হাজার তরুণ রাজনৈতিক কর্মীকে গুম করা হয়েছিলো,” যোগ করেন তিনি।
মানবাধিকার সংস্থা ‘অধিকার’ এর জরিপ অনুযায়ী, ২০১০ এর জানুয়ারি থেকে ২০ মাসে দেশে ৩২টি গুম খুনের ঘটনা ঘটেছে। এই প্রবণতা ক্রমশ বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে এ সংস্থার একটি প্রতিবেদনে।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্র“তি দিয়েছিলো, তা হয়নি। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ- কোনটাই নেই। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে বাঁধা দেওয়া হয়। এভাবে বিরোধী দলের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে।”
বিগত চার দলীয় জোট সরকারের সময়েও যে আইন-শৃঙ্খলা বাহিনীর কথিত ক্রসফায়ারে হতাহতের ঘটনা ঘটেছে তা স্বীকার করেন এই সাবেক প্রতিমন্ত্রী।
“এটা সত্য যে আমাদের সরকারের সময়ে ক্রসফায়ার ও অপারেশন ক্লিনহার্ট হয়েছিল। তবে এটা নিশ্চিত করে বলতে পারি, ওই সময়ে একটি হত্যাকাণ্ডও রাজনৈতিক কারণে হননি।”
মির্জা ফখরুল বলেন, “আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ চাই। সবক্ষেত্রে মানবাধিকার রক্ষা হোক- তা চাই।’’
বিগত বিএনপি সরকারের সময়ে ‘ক্রসফায়ারে’ নিহত বামপন্থী নেতা মোফাখখর চৌধুরীর নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘তিনি একজন তাত্ত্বিক নেতা ছিলেন। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিলো। তার ওই হত্যাকাণ্ড আমি ব্যক্তিগতভাবে অন্যায় হয়েছে বলে মনে করি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬০৭ ঘ.
bdnews24