ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
এই বাঁধ নির্মাণ ‘প্রতিরোধে’ শনিবার সকালে ঢাকা থেকে সিলেটের জকিগঞ্জ অভিমুখে লংমার্চে অংশ নিয়ে নরসিংদীতে এক পথসভায় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা না করে ভারত অনৈতিকভাবে বরাক নদীতে বাঁধ দিচ্ছে। এ জন্য ‘প্রতিবাদের ঝড়’ তুলতে হবে।
শনিবার সকাল সাড়ে ৭টায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে কয়েকশ গাড়ির বহর সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে নেতা-কর্মীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এরশাদ। এ সময় তার পরনে ছিল কালো প্রিন্স কোট ও শাদা শার্ট।
এরশাদ এই লংমার্চে অংশ নিচ্ছেন একটি কালো রঙের টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়ে। তার গাড়ি বহর পূর্ব নির্ধারিত পথ বিমানবন্দর সড়কের পরিবর্তে সাতরাস্তা, কাকরাইল ও ফকিরাপুল হয়ে এগোতে শুরু করার পর ফকিরাপুলে শতাধিক গাড়ি মার্চে যোগ দেয়।
পথ পরিবর্তনের কারণ সম্পর্কে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, “অনুমতি থাকার পরও পুলিশ আমাদের বিমানবন্দর সড়ক ব্যবহার করতে দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা সাতরাস্তা হয়ে রওনা হয়েছি।”
লংমার্চ সকাল সাড়ে ৯টার দিকে কাঁচপুর সেতুতে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, “টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রতিরোধে বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যমত্যের ভিত্তিতে আন্দোলন করতে হবে। এটি জাতীয় পার্টির সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা।”
“বরাক নদীর পানির উপর আমাদর ন্যায্য অধিকার। এই অধিকার আদায় করতে না পারলে সুরমা ও কুশিয়ারা নদী শুকিয়ে যাবে। তাই জনগণের অধিকার রক্ষায় আমরা এই লংমার্চ করছি”, যোগ করেন তিনি।
বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়।
বিবিসির প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ এ প্রকল্পের বিষয়ে জানতে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না।
বরাক নদীই সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় প্রবাহিত হয়ে পরে পুনরায় মিলিত হয়ে মেঘনা নাম নেয়। মেঘনা নদী চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোসাগরে মেশে।
পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে।
টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ সমীক্ষা করার দাবি জানিয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “ভারত যাই বলে থাকুক, সমীক্ষা করলেই আমরা বুঝতে পারবো, এই বাঁধ আমাদের জন্যে ক্ষতির কারণ হবে কি না।”
কে এই সমীক্ষার উদ্যোগ নেবে- এমন প্রশ্নের জাববে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম শরিক নেতা এরশাদ বলেন, “সরকারকেই এ উদ্যোগ নিতে হবে।”
এরপর নরসিংদীর পাচঘোনা মোড় ও ভেলানগরের মোড়ে দুটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এরশাদ।
সেখানে এরশাদ বলেন, বরাক একটি আন্তর্জাতিক নদী। ভারত একতরফাভাবে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা না করেই বাঁধ নির্মাণ করছে, যা অনৈতিক।
“ফারাক্কা বাঁধের ফলে উত্তরের অনেক নদী, হাওর শুকিয়ে গেছে। এই বাঁধ হলে সুরমা কুশিয়ারাসহ অনেক হাওড় শুকিয়ে যাবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে এই মরণফাঁদ থেকে আমাদের বাঁচাতে। এজন্য প্রতিবাদের ঝড় তুলতে হবে।”
টিপাইমুখ এলাকাকে ভূমিকম্প প্রবণ এলাকা উল্লেখ করে নরসিংদীর বেলাবোর বারৈচা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “সেখানে ভূমিকম্প হয়ে বাঁধ ভেঙে গেলে সিলেট পানির নিচে তলিয়ে যাবে। তাই এটা আমাদের এখনি প্রতিরোধ করতে হবে।”
পার্টির নেতারা জানান, এরশাদ ব্রাহ্মণবাড়িয়া মোড় ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড়েও পথসভা করবেন। শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি সিলেটে পৌঁছাবে লংমার্চ। সার্কিট হাউসে দুপুরের খাবার শেষে বিকেল ৪টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় এরশাদ বক্তৃতা করবেন।
শনিবার সিলেটেই রাত্রিযাপনের পর রোববার সকালে লংমার্চের দ্বিতীয় দিনে এরশাদের নেতৃত্বে গাড়িবহর রওনা হবে জকিগঞ্জের উদ্দেশ্যে। বিকেলে সেখানেই লংমার্চের শেষ জনসভায় বক্তব্য দেবেন চেয়ারম্যান। জনসভা শেষ করেই ঢাকার পথে রওয়ানা হবেন তিনি।
গাড়ি বহরে থাকা জাতীয় পার্টির নেতাদের মধ্যে রয়েছেন এটিএম ফজলে রাব্বি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ হান্নান, এমএ সাত্তার, অ্যাডভোকেট সালমা ইসলাম, গোলাম মশিহ, জিয়াউদ্দিন আহমেদ বাবুল, কাজী ফিরোজ রশীদ, নুরে হাসনা লিলি চৌধুরী, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লংমার্চের আনুষ্ঠানিক ঘোষণা দেন জাতীয় পার্টি প্রধান। এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে লংমার্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/জেকে/১১৫৪ ঘ.
bdnews24