২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: দল-মত নির্বিশেষে আন্দোলনের ডাক এরশাদের

টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা থেকে সিলেটের জকিগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছেন সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 04:31 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা থেকে সিলেটের জকিগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করেছেন সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। শনিবার সকাল সাড়ে ৭টায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের নেতৃত্বে হাজার খানেক গাড়ির বহর সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে নেতা-কর্মীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন এরশাদ। কাকরাইল- ফকিরাপুল- যাত্রাবাড়ী হয়ে লংমার্চ কাচপুর সেতুতে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, “বরাক নদীর পানির ওপর আমাদের অধিকার আছে। এই অধিকার রক্ষায় দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে একসাথে আন্দোলন করতে হবে।” বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর প্রকাশ করে বিবিসি। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। বিবিসির প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ এ প্রকল্পের বিষয়ে জানতে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। বরাক নদীই সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় প্রবাহিত হয়ে পরে পুনরায় মিলিত হয়ে মেঘনা নাম নেয়। মেঘনা নদী চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোসাগরে মেশে। পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে। জাতীয় পার্টি টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধের দাবি জানাচ্ছে কি না জানতে চাইলে এরশাদ বলেন, “আমাদের দাবি, বাঁধ নির্মাণের আগে যৌথ সমীক্ষা চালাতে হবে। তার ভিত্তিতেই বাংলাদেশের জনগণকে বলতে হবে- বাঁধ হলে ক্ষতি হবে কি-না।” কে এই সমীক্ষার উদ্যোগ নেবে- এমন প্রশ্নের জাববে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম শরিক নেতা এরশাদ বলেন, “সরকারকেই এ উদ্যোগ নিতে হবে।” পার্টির নেতারা জানান, কাচপুরের সংবাদ সম্মেলন শেষে করে নরসিংদীর উদ্দেশে রওনা হয় লংমার্চ। সেখানে প্রথম পথসভায় বক্তব্য দেবেন এরশাদ। এরপরে ব্রা‏হ্মণবাড়িয়া মোড় ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড়েও পথসভা করবেন তিনি। শায়েস্তাগঞ্জ থেকে সরাসরি সিলেটে পৌঁছাবে লংমার্চ। সার্কিট হাউসে দুপুরের খাবার শেষে বিকেল ৪টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় এরশাদ বক্তৃতা করবেন। শনিবার সিলেটেই রাত্রিযাপনের পর রোববার সকালে লংমার্চের দ্বিতীয় দিনে এরশাদের নেতৃত্বে গাড়িবহর রওনা হবে জকিগঞ্জের উদ্দেশ্যে। বিকেলে সেখানেই লংমার্চের শেষ জনসভায় বক্তব্য দেবেন চেয়ারম্যান। জনসভা শেষ করেই ঢাকার পথে রওয়ানা হবেন তিনি। জাতীয় পার্টির নেতাদের মধ্যে কাজী জাফর আহমেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিএম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা এই লংমার্চে অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১০১৫ ঘ.