২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচন থেকে সরাতেই খালেদার বিরুদ্ধে মামলা’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরাতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছে। ওই মামলায় হাইকোর্ট থেকে বিএনপি চেয়ারপারসন আগাম জামিন নেওয়ার পরদিন শুক্রবার এক সমাবেশে এ কথা বলেন ফখরুল। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ এনে বর্তমান মহাজোট সরকারের আমলে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন। ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর হুকুমে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। উদ্দেশ্যে যাতে নেত্রী নির্বাচনে অংশ নিতে না পারেন। দেশের মানুষ এখন বুঝে গেছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন করতেই সরকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।” ঢাকা সিটি কর্পোরেশন ভাগ এবং সাদেক হোসেন খোকার ওপর ‘হামলা’র প্রতিবাদে বিকালে তেজগাঁও রেল স্টেশন এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন ফখরুল। বিএনপির তেজগাঁও, রমনা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ উদ্যোগে এ সমাবেশ হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি ভিত্তিহীন দাবি করে ফখরুল বলেন, “সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রফিক-উল হক বলেছেন, এই মামলা হতে পারে না। দুর্নীতি দমন কমিশনও একই কথা বলেছিলো। কিন্তু প্রধানমন্ত্রীর হুকুম ছিলো বলেই দুর্নীতি দমন কমিশন এই মিথ্যা মামলাটি দায়ের করেছে।” বিএনপি নেতা দুর্নীতি দমন কমিশনের ওপর নিয়ন্ত্রণের অভিযোগ তুললেও সরকার বরাবরই বলছে, সাংবিধানিক এই প্রতিষ্ঠান স্বাধীনভাবেই কাজ করছে। ফখরুল বলেন, “তারেক রহমানের বিরুদ্ধেও এভাবে মিথ্যা মামলা দিয়েছে সরকার। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলাতেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে জড়ানো হয়েছে। উদ্দেশ্য, মিথ্যা মামলা দিয়ে নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করা।” বর্তমান সরকার ‘গণবিচ্ছিন্ন’ দাবি করে বিএনপি নেতা বলেন, “প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অনেক আসনে আওয়ামী লীগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। তাই তারা সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন দেখছে।” তবে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল হবে, বলেন ফখরুল। সরকারবিরোধী আন্দোলনে জনগণকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।” সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়ে সরকারকে বলেছে, সরকারের ভেতরে চোর বসে আছে, তাকে তাড়াও। দেরিতে হলেও সরকার আবুল হোসেনকে ওই মন্ত্রণালয় থেকে সরাতে বাধ্য হয়েছে।” ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধিতা করে তিনি বলেন, “এর ফলে ভর্তুকি বেড়ে যাওয়ার কারণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম দফায় দফায় বাড়িয়ে জনগণের পকেট থেকে টাকা লুটে নিচ্ছে।” মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, তেজগাঁও থানার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, বাড্ডা থানার সভাপতি এম এ কাইয়ুম, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫১ ঘ.