চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরদিন এক সঙ্গে সভা করলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের এ সভায় দুই নেতার কণ্ঠেই ঐক্যের সুর ছিলো বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
মঙ্গলবার যুবদলের সংঘর্ষের পর দুই দিন দুই নেতার পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিবৃতি চলছিলো।
সভাপতি আমীর খসরুবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভায় খালেদা জিয়ার চট্টগ্রামমুখী রোডমার্চ এবং বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
ককেদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। রাজনীতিতে পেছনের দিকে তাকানোর সুযোগ নেই।”
সাধারণ সম্পাদক শাহাদাতও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবাই এক সঙ্গে রোডমার্চকে সফল করতে কাজ করে যাবো।”
সভায় রোডমার্চকে সফল করতে বিভিন্ন কর্মসূচি এবং ১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে সাতদিনের বিজয় উৎসবের কর্মসূচি হাতে নেওয়া হয় বলে ডা. শাহাদাত জানান।
গত মঙ্গলবার বিকালে স্বৈারাচার পতন দিবসে যুবদলের সমাবেশে আমীর খসরু ও ডা. শাহাদাতের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপরই রাতে চট্টগ্রামে বিএনপি ও তার সহযোগী সংগঠনের মিছিল, সভার ওপর সাময়িক স্থগিতাদেশ দেয়।
গত বুধবার আমীর খসরুর পক্ষের নেতারা সংঘর্ষের জন্য সাধারণ সম্পাদক শাহাদাতকে দায়ী করে সংবাদপত্রে বিবৃতি দেন। পরদিন সাধারণ সম্পাদকের অনুসারীরা আমীর খসরুকে দায়ী করে পাল্টা বিবৃতি দেয়।
এরপর বৃহস্পতিবার রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রামের চার নেতার সঙ্গে বৈঠক করে কর্মসূচির ওপর সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১০১ ঘ.
bdnews24