২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু নির্যাতনকারী ‘সবার’ বিচার হবে: কামরুল

সংখ্যালঘুদের ওপর নির্যাতনে জড়িতদের বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিথ্যাচার করছেন অভিযোগ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্যাতনকারী সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংখ্যালঘুদের ওপর নির্যাতনে জড়িতদের বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিথ্যাচার করছেন অভিযোগ করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্যাতনকারী সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “যে- যে মাপের নেতাই হোক না কেন, তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অত্যাচারী ও নির্যাতনকারীদের বিচার হবেই।” কিছু দিনের মধ্যে আরো একটি ট্রাইবুনাল গঠন করা হবে বলেও ইংগিত দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তিনি বলেন, “ষড়যন্ত্রের মাধ্যমে জন্ম হওয়া বিএনপি সব বিচারইকেই বন্ধ করতে চাইছে। তারা জিয়া হত্যারও বিচার করেনি।” ২০০১ সালের নির্বাচনের পর হিন্দু স¤প্রদায় এবং ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনকারী হিসেবে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করে গত ২৪ এপ্রিল প্রতিবেদন দেয় সরকার গঠিত সাহাবুদ্দিন কমিশন। গত ১ ডিসেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন প্রত্যাখান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ৬ ডিসেম্বর বলেন, “আদালতকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীকে ভয় দেখিয়ে নিষ্ক্রিয় করতেই সরকার চক্রান্তের ফাঁদ পেতেছে।” বিএনপি মহাসচিবের অভিযোগের প্রেক্ষিতে কমিশন-প্রধান মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে দালিলিক প্রমাণ ও তথ্যের ভিত্তিতেই ওই তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। এখানে রাজনৈতিক উদ্দেশ্যে বিষয় দেখা হয়নি।” আইন প্রতিমন্ত্রীও বলছেন, প্রতিহিংসা নয়, উচ্চ আদলনের নির্দেশেই স্বাধীন কমিশন গঠন করে সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করা হয়েছে। “এই তদন্তের মাধ্যমেই সত্য উদঘাটিত হয়েছে”, বলেন কামরুল। বঙ্গবন্ধু একাডেমী ‘মুক্তিযুদ্ধের বিজয়, যুদ্ধাপরাধীদের বিচার, দেশ ধ্বংসের চক্রান্তে জিয়া-খালেদার ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। অন্যদের মধ্যে কৃষক লীগের যুগ্ম-সম্পাদক শামসুল হক রেজার সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম আলোচনায় অংশ নেন। যুদ্ধপারাধীদের বিচার আইন প্রতিমন্ত্রী জানান, ২০১২ সালের মধ্যে চিহ্নিত শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির ‘প্রকৃত চরিত্র’ উন্মোচিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ বিচারকে লোক দেখানো উল্লেখ করে ট্রাইব্যুনাল বন্ধের দাবি জানিয়ে আসছে বিএনপি। যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার বিএনপি ও জামায়াত নেতাদের মুক্তি দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। এর জবাবে কামরুল বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। অভিযুক্তদের আপিলের সুযোগও দেওয়া হচ্ছে। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা আরো মরিয়া হয়ে উঠবেন। কারণ কিছু দিনের মধ্যে আরো একটি ট্রাইবুনাল গঠন করা হবে।” হরতাল-অবরোধ দিয়ে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে কামরুল বলেন, বিএনপি এ বিচারে বাধা দেওয়ায় ভবিষৎ প্রজন্ম বিএনপির নেতাদেরও বিচার চাইবে বলে তার বিশ্বাস। ‘চরিত্রহীন মুওদুদ’ যুদ্ধাপরাাধের বিচারের বিপক্ষে অবস্থান নেওয়ায় সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদকে ‘চরিত্রহীন’ বলে উল্লেখ করেন কামরুল ইসলাম। তিনি বলেন, “তার কোনো রাজনৈতিক চরিত্র নেই। তিনি যখন যে দলে থাকেন তখন অত্যন্ত সুন্দরভাবে সেই দলের কথা বলেন, এটা ভালো গুণ।” গত ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তাকে উদ্দেশ্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে অবস্থান নিয়ে লাভ নেই। এ সরকারের মেয়াদের মধ্যেই দুর্নীতিবাজ, লুটেরা, খুনী, যুদ্ধাপরাধী এবং ২০০১ সালে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের বিচার করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৬০২ ঘ.