খুলনা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় বোমাহামলায় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন।
আহত আসলাম শিকদার (৩৫) বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। শুক্রবার সকালে দুর্বৃত্তরা তার ওপর বোমাহামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
বোমার স্পিন্টারে আসলামের দুই হাতের আঙুল ও পেটে গুরুতর জখম হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বটিয়াঘাটা থানার ওসি আবু বক্কর সাংবাদিকদের জানান, সকাল ৮টায় খুলনা মহানগরীর উপকণ্ঠে গল্লামারী জিরো পয়েন্ট এলাকায় আসলাম তার নিজের মুরগির খামারে যান। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় তিনি গল্লামারী পুরানো মাছ ঘাট এলাকায় তার আবাসন প্রকল্পের কার্যালয়ে যান।
“অফিসে ঢোকার মুহূর্তে দুই সন্ত্রাসী আসলামকে লক্ষ্য করে খুব কাছ থেকে বোমা নিক্ষেপ করে। বোমাটি তার পেটে লেগে বিস্ফোরিত হয়,” বলেন তিনি।
হামলাকারীরা আরো কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মটর সাইকেলে করে পালিয়ে যায় বলে ওসি জানান।
আসলামকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24