২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা ভাগের প্রতিবাদ বন্ধে সরকার দমননীতি নিয়েছে’

ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তির প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন বন্ধে সরকার দমনপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তির প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন বন্ধে সরকার দমনপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সরকার বেসামাল হয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য জঘন্য পথ বেছে নিয়েছে। সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে। আমরা সরকারের এহেন আচরণের নিন্দা জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার মোহাম্মদপুর ও কাফরুলে ঢাকা ভাগের বিরুদ্ধে বিএনপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা। তারা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। “এটা সরকারের দানবীয় চরিত্রের বর্হিপ্রকাশ”, বলেন রিজভী। বৃহস্পতিবার মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে যুব দলের নির্ধারিত সমাবেশও পুলিশ করতে দেয়নি অভিযোগ করে তিনি বলেন, “মহানগর পুলিশের বৈধ অনুমতি থাকার পরও পুলিশ বাধা দেয়। তারা সেখানে নেতাদের তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখে তাণ্ডব চালায়। আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের চিহ্নিত সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় মঞ্চ ভেঙে ফেলে।” বৃহস্পতিবারের কর্মসূচি চলাকালে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান রিজভী। বিএনপির প্রবল বিরোধিতার মধ্যেই সরকার স্থানীয় সরকার আইন সংশোধন করে ঢাকা সিটি কর্পোরেশন ভেঙে দুটি কর্পোরেশন করে। ইতোমধ্যে দুই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন কমিশনকে ভোটের আয়োজন করতে বলা হয়েছে। ঢাকা ভাগের প্রতিবাদে ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এছাড়া বৃহস্পতিবার থেকে রাজধানীর থানায় থানায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার তেজগাঁও রেলওয়ে স্টেশন সড়কসহ কয়েকটি থানায় বিক্ষোভ হবে। অন্যদের মধ্যে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, দলের মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দল সাধারণ সম্পাদক শিরিন সুলতানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪১২ ঘ.