ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪৮ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম মহানগর শাখা ও অঙ্গসংগঠনের কার্যক্রমের অস্থায়ী স্থগিতাদেশ তুলে নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বিএনপির চট্টগ্রামের চার নেতার সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবারের বৈঠকের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগরের কার্যক্রমের ওপর সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। ম্যাডাম সবাইকে এক হয়ে কাজ করতে বলেছেন।”
গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর যুবদলের দুই গ্র“পের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাতেই মহানগরসহ অঙ্গসংগঠনের কার্যক্রম আপাতত বন্ধ রাখতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এক হয়ে কাজ করতে নেত্রী নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের আর সাময়িক কোনো নিদের্শ নেই।”
গিয়াস কাদের জানান, আগামী জানুয়ারিতে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে মহানগরসহ চট্টগ্রাম জেলা বিএনপিকে আরো সক্রিয় হতে বলেন খালেদা জিয়া।
চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের মহানগরের জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে রোড মার্চ বিষয়ে আলোচনা হবে।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. সাহাদাত হোসেন, উত্তর জেলা সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিজেএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৪২ ঘ.
bdnews24