প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর হিন্দুদের ওপর নির্যাতনে জড়িতদের বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন নির্বাচনোত্তর সহিংসতা তদন্ত কমিশনের প্রধান।
কমিশন-প্রধান মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশন নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে দালিলিক প্রমাণ ও তথ্যের ভিত্তিতেই ওই তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। এখানে রাজনৈতিক উদ্দেশ্যে বিষয় দেখা হয়নি।”
২০০১ সালের নির্বাচনের পর হিন্দু স¤প্রদায় ও ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর নির্যাতনকারী হিসেবে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ ২৬ হাজার ৩৫২ জনকে চিহ্নিত করে গত ২৪ এপ্রিল প্রতিবেদন দেয় সাহাবুদ্দিন কমিশন।
গত ১ ডিসেম্বর ওই প্রতিবেদন প্রকাশ করে সরকার।
৬ ডিসেম্বর ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আদালতকে ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীকে ভয় দেখিয়ে নিষ্ক্রিয় করতে সরকার হীন চক্রান্তমূলক ফাঁদ পেতেছে।”
ফখরুলের বক্তব্যকে ‘রাজনৈতিক অপকৌশল’ হিসেবে অভিহিত করে সাহাবুদ্দিন বলেন, “দেশ-বিদেশের অধিকাংশ গণমাধ্যমে ওইসব নির্যাতনের ঘটনা তুলে ধরা হয়েছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মানবাধিকার প্রতিবেদনেও এই নির্যাতনের ঘটনা প্রকাশ করেছিল।”
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর হিন্দু স¤প্রদায়ের ওপর নির্যাতনের অনেক ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটের এসব ঘটনার জন্য দায়ী করা হয় বিএনপি-জামায়াত জোটকে।
কমিশন-প্রধান সাহাবুদ্দিনের সমালোচনা করে ফখরুল বলেন, “কমিশন প্রধান ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।”
এ প্রসঙ্গে কমিশন প্রধান বলেন, “এটা মিথ্যাচার। আমি কখনোই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম না। তবে ছাত্রলীগের রাজনীতি করেছি। সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়। ’৭১-৭৩ তিন বছর পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। ”
“কিন্তু তদন্ত কাজে রাজনৈতিক প্রভাব ছিল না।”- যোগ করেন তিনি।
হাই কোর্টের নির্দেশে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর গঠিত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “আমি বিচারক ছিলাম। সারাজীবন সততা ও নিরপেক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। এটা সবাই জানে।”
দেশ এই প্রথম কোনো বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “২০০৪ সালের একুশ অগাস্টে প্রধানমন্ত্রী [তৎকালীন বিরোধীলীয় নেতা] শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় গঠিত তদন্ত কমিশন এবং অন্যসব কমিশনের একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।”
তিনি কমিশনের সুপারিশ ও মতামত বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, “নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করতে হবে। যাতে ভব্যিষতে এই ধরণের ঘটনা আর না ঘটে।”
একটি মানবাধিকার সংগঠনের আবেদনে ২০০৯ সালের ৬ মে ২০০১ এর নির্যাতনের অভিযোগ তদন্ত করতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট।
ঘটনার প্রায় সাড়ে ৯ বছর পর গঠিত কমিশন প্রায় সোয়া এক বছর তদন্ত করে ১ হাজার ৭৮ পৃষ্ঠার প্রতিবেদন স্বরাষ্ট্্র মন্ত্রণালয়ে জমা দেয়।
প্রতিবেদনে সহিংস ঘটনার সংখ্যা ১৮ হাজারেরও বেশি উল্লে¬খ করা হলেও কমিশন ৩ হাজার ৬২৫টি ঘটনা সম্পর্কে তদন্ত করে।
এর কারণ হিসাবে প্রতিবেদনে বলা হয়, ঘটনার ব্যাপকতা, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়া, একটি মাত্র কমিশনের ওপর দায়িত্ব, লোকবল ও উপকরণ স্বল্পতা এবং নিরাপত্তার অভাবে ঘটনা শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ জানাতে অনীহা।
প্রতিবেদনে ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের যেসব মন্ত্রীর নাম রয়েছে তারা হলেন- বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, তরিকুল ইসলাম, হাফিজউদ্দিন আহমেদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম পিন্টু ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
তৎকালীন সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদুল হক জামাল, আব্দুল ওয়াদুদ ভূইয়া, নাদিম মোস্তফা, জয়নাল আবেদিন (ভিপি জয়নাল), এ এইচ এম সেলিম, শহিদুল ইসলাম, ইলিয়াস আলী, ইলেন ভুট্টো, হাফিজ ইব্রাহিম, সালাউদ্দীন আহমেদ, আলমগীর হায়দার, ডা. সালেক চৌধুরী, জহিরউদ্দীন স্বপন, মাওলানা সাখাওয়াত হোসেন।
জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী, ডা. আবু তাহের ও আব্দুস সোবহানের নামও রয়েছে। এছাড়া নাটোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক একরামুল কবির রয়েছেন এই তালিকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১০৪ ঘ.
bdnews24