২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের জন্য এবার আমীর খসরুকে দায়ী করে বিবৃতি

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এবার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়ী করে বিবৃতি দিয়েছেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পক্ষের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এবার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দায়ী করে বিবৃতি দিয়েছেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পক্ষের নেতারা। বৃহস্পতিবার নগর বিএনপির ১১টি সাংগঠনিক থানা ও ৪১ ওয়ার্ডের ৩৯ নেতার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার নগরীর নাসিমন ভবনে সমাবেশে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার দায় ডা. শাহাদাতের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষের পর বুধবার আমির খসরুর অনুসারী ১১টি থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জরুরি বৈঠক করে এ বিবৃতিতে শাহাদাতকে দায়ী করেন। শাহাদাত পক্ষের নেতাদের বিবৃতিতে বলা হয়, ওই দিন নগর সভাপতি হিসেবে আমীর খসরু পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা রাখতে পারেনি। তার ভূমিকায় নেতাকর্মীরা হতাশ। বিবৃতিতে সাবেক সংসদ সদস্য রোজী কবির, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, আর ইউ চৌধুরী শাহীনসহ ১১ থানা ও ৪১ ওয়ার্ডের ৩৯ নেতার স্বাক্ষর রয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত স্বৈরাচার পতন দিবসের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়। নগর যুবদলের নেতা কাজী বেলাল ও মোশাররফ হোসেন দীপ্তির অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে সংগঠনটির নেতারা জানান। বেলাল সভাপতি আমীর খসরু এবং দীপ্তি সাধারণ সম্পাদক শাহাদাতের অনুসারী। ওই সংঘর্ষের পর চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশ-মিছিলসহ বিভিন্ন কার্যক্রম আপাতত বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/১৯৩৫ ঘ.