ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে পূর্বঘোষিত একটি সমাবেশ পুলিশের বাধায় করা যায়নি বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বৃহস্পতিবার বিকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।
তিনি বলেন, “পূর্ব অনুমতি নিয়ে কৃষি মার্কেটের কাছে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। তারা জানায় এখানে সৈনিক লীগ নামের একটি সংগঠন সমাবেশ ডেকেছে।”
এক পর্যায়ে পুলিশ দলের নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইটি রাজনৈতিক দল একই জায়গায় সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা অবনতি হওয়া আশঙ্কায় কাউকে করতে দেওয়া হয়নি।”
ডিসিসি দুই ভাগের প্রতিবাদে ৮ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর সব থানায় প্রতিবাদ সমাবেশ করবে বলে গত ৫ ডিসেম্বর কর্মসূচি দেয় বিএনপি। কর্মসূচির শেষ দিনে সারাদেশেও সমাবেশ করার কথা দলটির।
বৃহস্পতিবার বেশ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে দাবি করে আলাল অভিযোগ করেন, “হামলার সময় যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশকে সহায়তা করে।”
এরপর তারা শ্যামলী মাঠে গিয়ে জড়ো হলে পুলিশ সেখানেও তাদের পেটায় এবং কয়েকজনকে ধরে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
পুলিশের তাড়া খেয়ে সংসদ সদস্য মোমেনা মাহমুদের আসাদগেট সংলগ্ন বাসায় আশ্রয় নেন উল্লেখ করে আলাল বলেন, “এই বাসার আশপাশে পোশাকে পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রেখেছে।”
দুই দফা ‘হামলায়’ অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
দুই দলের কোনোটিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি জানিয়ে উপ-কমিশনার হাসান ইমাম বলেন, তারা শুধু আবেদন করেছিল। অনুমতি হওয়ার আগেই বিএনপি সমাবেশ করার চেষ্টা করে।
পুলিশের লাঠিপেটার বিষয়টি এড়িয়ে গিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ সময় ধস্তাধস্তির মতো কিছু একটা হতে পারে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‘পরিস্থিতির কারণে’ কারণে কেউ আটক হয়ে থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯২৭ ঘ.
bdnews24